ডিজিটাল রূপান্তরে কাজ করবে ট্রাস্ট ব্যাংক ও গ্রামীণফোন
ট্রাস্ট ব্যাংক ও গ্রামীণফোন ডিজিটাল রূপান্তর কার্যক্রমে যৌথভাবে কাজ করবে। সে অনুযায়ী পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রযুক্তিগত অবকাঠামো শক্তিশালীকরণ এবং গ্রাহকদের জন্য মূল্য সংযোজনমূলক সেবার মানোন্নয়ন করা হবে। এর ফলে ট্রাস্ট ব্যাংকের গ্রাহকেরা আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল পেমেন্ট সেবা উপভোগ করতে পারবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রাস্ট ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও আহসান জামান চৌধুরীর নেতৃত্বে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সমাধান প্রবর্তনের কৌশল নির্ধারণ করেন।
সভায় ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আখলাসুর রহমান ভূইয়া ও মো. কামাল হোসেন সরকার, ব্যবসা বিভাগের প্রধান মো. মাহবুব হোসেন, হেড অব জিএসএসডি ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশিদ এবং গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) আসিফ নাঈমুর রশীদ, পরিচালক এম শাওন আজাদ, মহাব্যবস্থাপক মাহবুবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় প্রতিষ্ঠান মিলে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী পণ্য ও সেবা চালু ও গ্রাহককেন্দ্রিক কার্যক্রম পরিচালনা এবং নিরাপদ, দ্রুত ও সহজলভ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করবে।