দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিডল্যান্ড ব্যাংক নিয়ে এল নতুন পণ্য ও সেবা
দেশের চতুর্থ প্রজন্মের মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) গত ২০ জুন বাণিজ্যিক কার্যক্রমের ১০ বছর পূর্ণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন পণ্য ও সেবা নিয়ে এসেছে মিডল্যান্ড ব্যাংক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকটির সিনিয়র ম্যানেজমেন্ট টিম, বিভাগীয় প্রধান এবং মিডল্যান্ড ব্যাংকের চাকরিতে ১০ বছর পূর্ণকারী কর্মকর্তা ও কর্মচারীরা।
দশম বর্ষপূর্তি উপলক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান সব গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা ও কর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘পরিষেবা ও পণ্য উদ্ভাবনে আমরা সব সময় অগ্রগামী। আজ আমরা আমাদের গ্রাহকদের জন্য নতুন পণ্য “এমডিবি ডিজিটাল লোন” এবং সেবা “এমডিবি কন্ট্যাক্টলেস কার্ড”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত। এখন থেকে মিডল্যান্ড ব্যাংকের মোবাইল অ্যাপের (মিডল্যান্ড অনলাইন) মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থানে থেকে আমাদের গ্রাহকেরা তাঁর প্রয়োজনমতো ডিজিটাল এসওডি লোন নিতে পারবেন।’
মো. আহসান-উজ জামান বলেন, ‘প্রযুক্তিনির্ভর সমাধান বাস্তবায়নে মিডল্যান্ড ব্যাংক সব সময় অগ্রণী ছিল। ব্যাংকটি তার মূল্যবান গ্রাহকদের বিভিন্ন ধরনের ব্যাংকিং চাহিদা মেটাতে একাধিক কাস্টমাইজড সমাধান দেয়। ব্যাংকের প্রযুক্তিগত অগ্রগতির অধীনে এমডিবি ডিজিটাল লোন: ডিজিটালাইজড সংস্করণ নতুন সংযোজনগুলোর মধ্যে আরও একটি, যার জন্য গ্রাহককে কোনো শাখায় যাওয়ার এবং কাগজপত্রেরও প্রয়োজন হবে না।’
ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ‘মিডল্যান্ড ব্যাংক সব ডিজিটাল পণ্য ও সেবাকে একটি ব্যানারে নিয়ে এসেছে, যার মাধ্যমে আমরা ডিজিটাল ব্যাংক হওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে চলেছি।’
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তায় প্রধান কার্যালয়ে স্বেচ্ছা রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে নিজ নিজ এলাকার দুস্থ ও এতিমদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।