এআই প্রযুক্তি ব্যবহারে অলীন ও অন্যরকম উদ্যোক্তার সমঝোতা
স্টার্টআপ ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, স্বয়ংক্রিয়করণ ও দক্ষতা বাড়াতে এআইভিত্তিক প্রযুক্তি সমাধান দেবে অলীন। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি অন্যরকম উদ্যোক্তার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অংশীদারত্বের আওতায় অন্যরকম উদ্যোক্তার অধীন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা নিজেদের ব্যবসার প্রয়োজন অনুযায়ী অলীনের তৈরি এআইভিত্তিক প্রযুক্তি সমাধান ব্যবহারের সুযোগ পাবেন।
অলীনের ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মো. জিয়াউল হক ভূঁইয়া বলেন, ‘আমরা চাই, এআই ও অটোমেশন শুধু বড় প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে স্টার্টআপ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছেও সহজলভ্য হোক। এ অংশীদারত্বের মাধ্যমে উদ্যোক্তাদের বাস্তব ব্যবসায়িক সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান দিতে এবং আরও দক্ষ ও সুগঠিত ব্যবসা গড়ে তুলতে সহায়তা করতে চাই।’