আঞ্জুমান মুফিদুলকে অ্যাম্বুলেন্স দিল মিডল্যান্ড ব্যাংক
স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামকে অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে মিডল্যান্ড ব্যাংক। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় ব্যাংকটি এই অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে সংস্থাটিকে। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিডল্যান্ড ব্যাংকের ইসলামি ব্যাংকিং কম্পেনসেশন তহবিল থেকে অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে। সম্প্রতি ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আঞ্জুমান মুফিদুল ইসলামের ট্রাস্টি ও সহসভাপতি মোহাম্মদ আজিম বকস ও মোহাম্মদ আসলামের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলামের যুগ্ম পরিচালক সৈয়দ লোকমান আহমেদ, ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন মো. রাশেদ আকতার, প্রধান অর্থ কর্মকর্তা দিদারুল ইসলাম, সিআরএম বিভাগের প্রধান মো. বজলুর রহমান খান, জেনারেল সার্ভিসেসের প্রধান নকুল চন্দ্র দেবনাথসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।