বিমাসেবায় আশার আলো ছড়াচ্ছে প্রগতি লাইফ ইনস্যুরেন্স
জরুরি চিকিৎসার সময় রোগীকে নিয়ে স্বজনদের নানাবিধ চিন্তা থাকলেও হাসপাতালের বিল হাতে পাওয়ার পর শুরু হয় অনেকের দুশ্চিন্তা। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, পর্যাপ্ত সঞ্চয় না থাকার কারণে করতে হয় ঋণ। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং ঝুঁকি থেকে বাঁচার অন্যতম উপায় হলো স্বাস্থ্যবিমা।
২২ বছর ধরে বাংলাদেশে সফলতার সঙ্গে বিমাসেবা দিয়ে যাচ্ছে প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত প্রগতির উল্লেখযোগ্য বিমা পলিসি হলো—স্বাস্থ্য, শিক্ষা, পেনশন, হজ ও মাসিক সঞ্চয়ী বিমা পরিকল্পনাগুলো।
প্রগতির স্বাস্থ্যবিমার সুবিধাভোগী একজন ঢাকার মিরপুরের বাসিন্দা জহির খান। অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানান, কিছুদিন আগে নিজের পুরো পরিবারের জন্য স্বাস্থ্যবিমা করেছিলেন। তিনি যখন একটি দুর্ঘটনায় অসুস্থ হন, শর্তানুযায়ী স্বাস্থ্যবিমার মাধ্যমে হাসপাতালের চিকিৎসার খরচ পেয়েছিলেন। প্রগতি লাইফের এ ক্যাশলেস সার্ভিস পেয়ে দারুণ মুগ্ধ হন তিনি এবং তাঁর পরিবার।
স্বাস্থ্যবিমার মাধ্যমে গ্রাহকেরা কীভাবে তাঁদের হাসপাতালের চিকিৎসার খরচ কমাতে পারবেন? এ বিষয়ে প্রগতি লাইফের ব্যবস্থাপনা পরিচালক জালালুল আজিম বলেন, ‘বাংলাদেশে প্রতিনিয়ত চিকিৎসাব্যয়ের পরিমাণ বাড়ছে। বর্তমানে দেশের মানুষের ‘‘আউট অব পকেট’’ চিকিৎসার খরচ প্রায় ৭২ শতাংশ, যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক বেশি। স্বাস্থ্যবিশারদ এবং নীতিনির্ধারকেরা সব সময়ই চিকিৎসার খরচ কমানোর ব্যাপারে স্বাস্থ্যবিমার ভূমিকার ব্যাপারে বলেন। এসব বিষয়কে মাথায় রেখে প্রগতি লাইফ বাংলাদেশে প্রথম একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিমা প্রচলন করেছে। এর মাধ্যমে মানুষ হাসপাতালে চিকিৎসাব্যয় কমাতে পারছেন। এই বিমা তাঁদের জন্য বিপদের সময় একটি আশীর্বাদ।’
স্বাস্থ্যবিমার পাশাপাশি শিক্ষাবিমা নিয়েও রয়েছে প্রগতির বিশেষ সেবা। সন্তানদের পড়াশোনার খরচ নিয়ে অনেক অভিভাবক দুশ্চিন্তায় থাকেন। অনেক সময় সন্তানের পড়ালেখাও বন্ধ হয়ে যায়। প্রগতির ‘জীবন বিকাশ’ (শিক্ষাবৃত্তি) মাধ্যমিক পরীক্ষার এক বছর আগে, অর্থাৎ দশম শ্রেণি থেকে শুরু হয়, যা চলে সর্বোচ্চ নয় বছর। বৃত্তি প্রদানের আগে ও পরে যদি শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যায়, তাহলে আর বৃত্তি প্রদান করা হয় না। গ্রাহক চাইলে নিজের ইচ্ছামতো বৃত্তির পরিমাণ বাড়াতে বা কমাতে পারবেন। সে ক্ষেত্রে প্রিমিয়াম হারও সে অনুযায়ী পরিবর্তিত হবে।
শিক্ষাবিমার পাশাপাশি ‘জীবন অবকাশ’ বা পেনশন বিমাসেবার ওপর গুরুত্ব দিয়েছে প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। এ বিমার আওতায় অবসরের পর থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তি আজীবন পেনশন সেবা পান। পেনশন শুরু হলে কমপক্ষে ১০ বছর ধরে নিয়মিত পেনশন প্রদান করা হয়। পেনশন শুরু হওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু হলে মনোনীতকে সব প্রিমিয়াম ফেরত দেওয়া হয়। বার্ষিক পেনশনের সর্বোচ্চ ৫০ শতাংশ পেনশন শুরুর সময়ে নগদ অর্থের বিনিময়ে সমর্পণ করা যেতে পারে। বিমাগ্রাহক ইচ্ছা করলে নিজের জীবনের ওপরে অতিরিক্ত ঝুঁকি (সর্বোচ্চ বার্ষিক পেনশনের ১০ গুণ) নিতে পারেন। পেনশন শুরুর আগে এবং ৬০ বছর বয়সের আগে মৃত্যু হলেই শুধু অতিরিক্ত বিমা ঝুঁকির টাকা প্রদান করা হবে। এ বিমার সঙ্গে এডিবি, পিডিএবি সহযোগী বিমাও নেওয়া যায়।
প্রগতির আরেকটি সেবা হলো ‘জীবন পূর্ণতা’ বা হজ বিমা। এ পলিসির অধীনে অর্জিত অর্থ ইসলামি শরিয়াহ্ অনুসারে বিনিয়োগ করা হয়। গ্রাহক কোন বছরে হজ করবেন, তা নিশ্চিত করে পলিসির মেয়াদ ঠিক হয়।
প্রগতি সূত্রে জানা যায়, যেহেতু প্রতিবছর হজের খরচ বাড়ছে, তাই হজ বিমাতে বিমা অঙ্কের পরিমাণ প্রতি হাজারে ৫০ টাকা করে বাড়তে থাকে। তবে হজে যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু হলে বর্ধিত অঙ্কসহ বিমা অঙ্ক পরিবারকে প্রদান করা হয়। আর মেয়াদপূর্তির আগে সম্পূর্ণ অক্ষমতায় প্রিমিয়াম সব ফেরত দেওয়া হয়। এ বিমাতে মেয়াদপূর্তির আগেই হজে যাওয়া যায়। সে ক্ষেত্রে অতিরিক্ত প্রিমিয়াম দিতে হয়।
বিমা মানেই আপৎকালীন ঝুঁকি থেকে মুক্তি পাওয়ার অগ্রিম ব্যবস্থা। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিমাসেবা নিশ্চিত করতে পারলে জীবন থেকে দুশ্চিন্তা, উদ্বেগ ও উৎকণ্ঠা অনেকাংশেই দূরে রাখা সম্ভব।