রংপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ বছর পূর্তি উদ্‌যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৃঙ্খলা-আস্থা-প্রগতি—এই তিন মন্ত্রে গৌরব, ঐতিহ্য, সাফল্য ও সংগ্রামের চতুর্থ বর্ষপূর্তি উদ্‌যাপন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকার দৃঢ় অঙ্গীকার নিয়ে পুরো আয়োজনের সহযোগী ছিল শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নূরে আলম মিনার (বিপিএম-বার, পিপিএম) সভাপতিত্বে প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মো. আবদুল আলীম মাহমুদ বিপিএম (রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রথম কমিশনার)।

আবদুল আলীম মাহমুদ বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত সফলতা ও দক্ষতার সঙ্গে চার বছরে পদার্পণ করেছে। এ সময় তিনি পুলিশের পাশে থেকে বর্ষপূতিকে উৎসবের আমেজ দেওয়ায় কেএসআরএমের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

সভাপতির বক্তব্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নূরে আলম মিনা বলেন, আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠার চার বছর পূর্তি উদ্‌যাপন করা হচ্ছে। এ উপলক্ষে রংপুর নগরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

দিনব্যাপী আয়োজনের মূল পর্বের অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা, জেলা প্রশাসক আসিব আহসান, কেএসআরএমের বিপণন গবেষণার মহাব্যবস্থাপক কর্নেল (অব.) প্রকৌশলী মো. আশফাকুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (বিপণন ও বিক্রয়) মো. মাসুম বিল্লাহসহ বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া রাজনৈতিক নেতা, কমিউনিটি পুলিশিং কমিটির নেতা, সাংবাদিক ও সুধীজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

র‍্যাফেল ড্র, প্রীতিভোজ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।