দেশের রপ্তানি খাতকে তৈরি পোশাকের ওপর একক নির্ভরতা থেকে বের করে পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নেওয়া ৩ হাজার কোটি টাকার ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃ অর্থায়ন স্কিমে’ যুক্ত হয়েছে পূবালী ব্যাংক। এ নিয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পূবালী ব্যাংকের একটি চুক্তি হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূবালী ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ ইছা ও মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, ‘রপ্তানি নীতি ২০২৪-২৭’ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের রপ্তানি ভিত্তি সম্প্রসারণ, সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে এই পুনঃ অর্থায়ন তহবিল থেকে ঋণ দেওয়া হবে। এ ক্ষেত্রে বিশেষ করে দেশীয় কাঁচামাল ব্যবহারকারী রপ্তানিকারকদের অগ্রাধিকার দেওয়া হবে।
স্কিমটির আওতায় বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ৪ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন করবে। আর যোগ্য রপ্তানিকারকেরা ব্যাংক থেকে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন। ঋণ পরিশোধের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর।