ইডটকোর নিয়ন্ত্রণমূলক শেয়ারের মালিকানা গ্রহণ করছে ওসাইরিস
আজিয়াটা গ্রুপ বারহাদ–এর সহযোগী প্রতিষ্ঠান ইডটকো গ্রুপ এসডিএন বিএইচডির কাছ থেকে নিয়ন্ত্রণমূলক শেয়ারের মালিকানা গ্রহণের বিষয়ে চূড়ান্ত চুক্তি সই করেছে বাংলাদেশকেন্দ্রিক প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান দ্য ওসাইরিস গ্রুপ (ওসাইরিস)। এর আওতায় রয়েছে ইডটকো বাংলাদেশের ৭০ শতাংশ এবং ইডটকো পাকিস্তানের শতভাগ শেয়ার।
ইডটকো বাংলাদেশ দেশের বৃহত্তম টাওয়ার কোম্পানি। প্রতিষ্ঠানটি প্রায় ১৭ হাজার টাওয়ার পরিচালনা করে। তারা বাংলাদেশে সব প্রধান মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে সেবা দিচ্ছে। অন্যদিকে ইডটকো পাকিস্তান পরিচালনা করছে প্রায় তিন হাজার টাওয়ার। দক্ষিণ এশিয়ার দ্রুতবর্ধনশীল এই দুটি ডিজিটাল মার্কেটে মোবাইল সংযোগের জন্য প্রতিষ্ঠান দুটি একত্রে অপরিহার্য প্যাসিভ অবকাঠামো (টাওয়ার ও আনুষঙ্গিক স্থাপনা) সরবরাহ করছে।
২০১৪ সালে প্রতিষ্ঠিত দ্য ওসাইরিস গ্রুপ একটি প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান। তারা ঢাকা ও হংকংয়ে কার্যালয় পরিচালনা করছে। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় প্রতিষ্ঠানটির বিনিয়োগ রয়েছে। গত এক দশকে প্রতিষ্ঠানটি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাঠাও, গোযায়ান, সাজগোজ, টালিখাতা, সোলারিকের মতো খাতভিত্তিক শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে তারা বিনিয়োগ করেছে। তারা এবার বিশ্বমানের ডিজিটাল অবকাঠামো নির্মাণ করছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করছে।
এক প্ল্যাটফর্মে টাওয়ার, ফাইবার ও ডেটা সেন্টার
বাংলাদেশের নতুন সমন্বিত অবকাঠামো লাইসেন্সের আওতায় ইডটকো বাংলাদেশ এখন টাওয়ার ও ফাইবার—উভয় সেবাই দিতে পারবে। ওসাইরিস এই দেশব্যাপী নেটওয়ার্ককে তাদের ডেটা সেন্টার ব্যবসার সঙ্গে যুক্ত করবে।
এই সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের প্রথম সমন্বিত ডিজিটাল অবকাঠামো প্ল্যাটফর্ম তৈরি হবে; যা টাওয়ার, ফাইবার ও ডেটা সেন্টারকে একসূত্রে আনবে। এটি মোবাইল অপারেটর, বৈশ্বিক হাইপারস্কেলার ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ফাইভ–জি, ক্লাউড ও এআই সেবার মূল ভিত্তি হিসেবে কাজ করবে।
দ্য ওসাইরিস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ খান বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোর জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। দেশের মোবাইল নেটওয়ার্কের মূল মেরুদণ্ড গড়ে তুলেছে ইডটকো। টাওয়ার, ফাইবার ও হাইপারস্কেল-উপযোগী ডেটা সেন্টারকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে আমরা অপারেটর, হাইপারস্কেলার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় অবকাঠামো দিতে পারব, যা দিয়ে ১৭ কোটির বেশি মানুষকে সেবা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি পাকিস্তানে ইডটকো আমাদের একটি বিশাল ও ক্রমবর্ধমান বাজারে শক্ত ভিত্তি তৈরি করে দিচ্ছে।’
ওসাইরিসের সিনিয়র ইনভেস্টমেন্ট ডিরেক্টর আলী খান বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানে ইডটকোর ব্যবসাগুলো অত্যন্ত উচ্চ মানের অবকাঠামোগত সম্পদ, যেখানে প্রতিটি প্রধান অপারেটরের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। আমরা টাওয়ার ব্যবহারকারী অপারেটরের সংখ্যা (টেন্যান্সি) বাড়ানো, ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পুরো পোর্টফোলিওজুড়ে জ্বালানি দক্ষতা উন্নত করার সুস্পষ্ট সুযোগ দেখছি। এই হস্তান্তরপ্রক্রিয়া সম্পন্ন করতে আমরা ইডটকো টিম এবং দুই দেশের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে একযোগে কাজ করার অপেক্ষায় আছি।’
প্রবীণ ব্যাংকার মাহমুদ সাত্তার বলেন, ‘এই চুক্তি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির প্রতি বিনিয়োগকারীদের দৃঢ় আস্থার প্রতিফলন। বৈশ্বিক পুঁজিকে স্থানীয় নেতৃত্বের সঙ্গে যুক্ত করে বিশ্বমানের ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার মতো এমন দীর্ঘমেয়াদি বিনিয়োগই বাংলাদেশের প্রয়োজন।’
বাংলাদেশ ও পাকিস্তানের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসহ প্রচলিত শর্তাবলি পূরণ সাপেক্ষে এই মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হবে।