শ্রমিককল্যাণ তহবিলে অর্থ দিল গ্রামীণফোন

গ্রামীণফোনের সিএইচআরও সৈয়দা তাহিয়া হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের তহবিলের জন্য ২৪ কোটি ৬০ লাখ ৮৭ হাজার ৫৬৫ টাকার চেক শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর হাতে তুলে দেয়ছবি: গ্রামীণফোন

বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪ কোটি ৬০ লাখ ৮৭ হাজার ৫৬৫ টাকা জমা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। ২০২৫ সালের শ্রমিকদের লভ্যাংশ অংশগ্রহণ তহবিলের (ডব্লিউপিপিএফ) ১০ শতাংশ হিসেবে এ অর্থ জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর হাতে এই টাকার চেক হস্তান্তর করে। ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থানসচিব মো. আব্দুর রহমান তরফদার এবং গ্রামীণফোনের হেড অব ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড কালচার মোহাম্মদ আওলাদ হোসেন; হেড অব কমপেনসেশন, বেনিফিটস অ্যান্ড অ্যানালিটিকস মোহাম্মদ খালেদ মৃধা; সিনিয়র ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এক্সপার্ট মুহাম্মদ তাওহীদুল ইসলাম; ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এক্সপার্ট মো. হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সিএইচআরও সৈয়দা তাহিয়া হোসেন বলেন, দায়িত্বশীল করপোরেট নাগরিক হওয়া গ্রামীণফোনের পরিচালন প্রক্রিয়ার অংশ। কর্মী কল্যাণের প্রতি দায়িত্ব ও সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকারের প্রতিফলন এ অর্থ প্রদান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সাল পর্যন্ত গ্রামীণফোন এ তহবিলে ৩২৯ কোটি ৮৯ লাখ ১৭ হাজার ৯৪৭ টাকা জমা দিয়েছে।