উদ্ভাবন ও টেকসই নির্মাণে প্রকৌশলীদের পুরস্কৃত করবে লাফার্জহোলসিম

পুর প্রকৌশলী, শিক্ষাবিদ ও নির্মাণ বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই পুরস্কার কার্যক্রমের উদ্বোধন করেন লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইকবাল চৌধুরী
ছবি: লাফার্জহোলসিমের সৌজন্যে

অবকাঠামো খাতে উদ্ভাবন, টেকসই নির্মাণ ও কাঠামোগত উৎকর্ষ উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি।

আজ বুধবার ঢাকায় পুর প্রকৌশলী, শিক্ষাবিদ ও নির্মাণ বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই পুরস্কার কার্যক্রমের উদ্বোধন করেন লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী। খবর বিজ্ঞপ্তি

আয়োজকেরা জানান, ব্যতিক্রমী প্রকৌশলগত সাফল্য ও দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে এই পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে কাঠামোগত উদ্ভাবন, টেকসই নকশা ও ভবিষ্যৎমুখী প্রকৌশলচর্চায় প্রকৌশলীদের উৎসাহিত করাও এই উদ্যোগের লক্ষ্য। আগামী বছরের জানুয়ারিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইকবাল চৌধুরী বলেন, দেশের দ্রুত আধুনিকায়ন ও টেকসই অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশ যখন স্মার্ট, জলবায়ু সহনশীল ও টেকসই নগরায়ণের দিকে এগিয়ে যাচ্ছে, তখন প্রকৌশলীদের কাজের স্বীকৃতি দেওয়া জরুরি।

ইকবাল চৌধুরী আরও বলেন, এই পুরস্কারের মাধ্যমে লাফার্জহোলসিম বাংলাদেশ উদ্ভাবন ও পরিবেশবান্ধব নির্মাণে অভিজ্ঞ ও তরুণ প্রকৌশলীদের উৎসাহিত করতে চায়। বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের প্রতিভাবান প্রকৌশলীদের সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করার লক্ষ্যে এই উদ্যোগ।

চারটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। এগুলো হলো হাই পারফর্মিং কংক্রিট স্ট্রাকচার, অ্যাডভান্সড কংক্রিট টেকনোলজি অ্যান্ড সার্কুলারিটি, লেজেন্ডারি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড ও নেক্সট জেনারেশন/ভিশনারি ডিজাইন।

এর মধ্যে নেক্সট জেনারেশন/ভিশনারি ডিজাইন বিভাগে ১০ উদীয়মান প্রকৌশলীকে পুরস্কৃত করা হবে। অন্য তিন বিভাগে একজন করে বিজয়ী নির্বাচিত হবেন। পাশাপাশি একজন বিজয়ীকে গ্র্যান্ড অ্যাওয়ার্ড দেওয়া হবে।

আয়োজকেরা জানান, সেরা প্রকল্প বাছাইয়ের পুরো প্রক্রিয়া পাঁচটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে আজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। দ্বিতীয় ধাপে আগ্রহী প্রকৌশলীরা অনলাইনে তাঁদের প্রকল্প ও প্রয়োজনীয় নথি জমা দেবেন। তৃতীয় ধাপে সেরা প্রকল্পগুলো জুরিবোর্ডের সামনে উপস্থাপনের জন্য বাছাই করা হবে।

চতুর্থ ধাপে জুরিবোর্ডের সদস্যরা বিস্তারিত মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করবেন। পঞ্চম ও শেষ ধাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

আগ্রহী প্রকৌশলীরা www.structuralexcellenceawardbd.com অথবা www.lafargeholcim.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিযোগিতার বিস্তারিত জানতে ও প্রকল্প জমা দিতে পারবেন।