৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দ পেয়েছে গ্রামীণফোন। আজ সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মোবাইল অপারেটরটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্পেকট্রামটি ১৩ বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এই স্পেকট্রাম বরাদ্দের জন্য গ্রামীণফোন এ সময়ের মধ্যে জাতীয় রাজস্ব খাতে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা অবদান রাখবে। সার্বিক নেটওয়ার্ক সম্প্রসারণে ভবিষ্যতে আরও বিনিয়োগ, নেটওর্য়াকের মান উন্নত করা, ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করা এবং দেশের ৮ কোটি ৩৯ লাখের বেশি গ্রাহকের অভিজ্ঞতার মান বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের লো-ব্যান্ড বৈশিষ্ট্যের কারণে প্রতিটি বেস স্টেশন থেকে আরও বিস্তৃত কভারেজ দেওয়া সম্ভব হবে, যা দ্রুত ও ব্যয়-সাশ্রয়ী নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়ক। এর ফলে ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায় নির্ভরযোগ্য সংযোগের মাধ্যমে আরও উন্নত ইনডোর সিগন্যাল পাবেন গ্রাহকেরা। একই সঙ্গে এটি দেশের গ্রামীণ, উপকূলীয় ও দুর্গম এলাকাগুলোয় মোবাইল নেটওয়ার্ক কাভারেজ উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
স্পেকট্রাম বরাদ্দ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘এই ব্যান্ড ব্যবহার করে দেশব্যাপী সেবা চালু করতে আরও উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করা হবে। এটি আমাদের সেবার মানের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং গ্রাহকদের সর্বোত্তম ডেটা নেটওয়ার্ক অভিজ্ঞতা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। এই বরাদ্দ আমাদের ফাইভ জি, এআই, আইওটি ইত্যাদি ভবিষ্যৎ প্রযুক্তির জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে, যার মাধ্যমে অধিক গতির ডেটা, কম ল্যাটেন্সি এবং বিভিন্ন পরিবেশে উন্নতমানের অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে।’