বেসরকারি এভিয়েশন অপারেটরদের বার্ষিক সভা অনুষ্ঠিত

বেসরকারি এভিয়েশন ব্যবসায়ীদের সংগঠন এওএবির বার্ষিক সাধারণ সভা আজ শনিবার মহাখালীর স্যামসন সেন্টারে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরীছবি: বিজ্ঞপ্তি

দেশের বেসরকারি খাতের এভিয়েশন ব্যবসায়ীদের সংগঠন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাাংলাদেশের (এওএবি) ১৩ তম বার্ষিক সাধারণ সভা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মহাখালীর স্যামসন সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন এওএবির সভাপতি ও স্কয়ার এয়ারের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ষিক এই সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন এওএবির ভাইস চেয়ারম্যান ও ইউএস বাংলা এয়ারলাইনসের আবদুল্লাহ আল মামুন, এওএবির মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, ইমপ্রেস এভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক জেড মাহমুদ মামুন, ব্লু ফ্লাইং একাডেমির চেয়ারম্যান আবদুল্লাহ আল জাহির স্বপন, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের রাকিবুল কবির, মেঘনা এভিয়েশনের তানভির মোস্তফা, প্রধান পরিচালন কর্মকর্তা আনোয়ারুল হক সরদার, বসুন্ধরা এয়ার ওয়েসের প্রধান পরিচালন কর্মকর্তা এ এস এম মুস্তাফিজুল হক প্রমুখ।

সভায় এওএবির সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, ‘বর্তমানে দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে। এ সময় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সংগঠনটির মহাসচিব ও নভোএয়ার ব্যবস্থাপনা পরিচালক বলেন, জেট ফুয়েলের দাম, হ্যাঙ্গারভাড়া, কাস্টমস জটিলতা ও উচ্চ হারে সিভিল এভিয়েশন মাশুল এ খাতের ব্যবসায়ী ও মালিকদের মহাসংকটে ফেলেছে। এ সময় তিনি ট্রাভেল এজেন্সি আইনের কিছু ধারা আবার বিবেচনার জন্য সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।

সভায় অন্য বক্তারা এভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখতে বেসরকারি বিমান পরিবহন, অর্থ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশনসহ বিভিন্ন সংস্থার আন্তরিক সহযোগিতা কামনা করেন।