আরও বিনোদন দিতে একসঙ্গে কাজ করবে চরকি ও গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তি সই অনুষ্ঠানে চরকি ও গ্রামীণফোনের কর্মকর্তারা
ছবি: সংগৃহীত

দেশের বিনোদনপ্রেমী মানুষের জন্য বিভিন্ন কনটেন্ট দেখার সুযোগ করে দিতে পুরস্কারপ্রাপ্ত ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন একসঙ্গে কাজ করবে। দুটি প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা ও সক্ষমতার কারণে বাংলাদেশের দর্শকেরা ভিন্নমাত্রার বিনোদন অভিজ্ঞতা উপভোগ করবেন।

এ নিয়ে একটি চুক্তি সই হয়েছে। গ্রামীণফোনের পক্ষ থেকে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম ও চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব এবং চরকির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রেদওয়ান রনি, হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জি ও মার্কেটিং অ্যান্ড গ্রোথ লিড ফয়সাল রহমান।

এ অংশীদারত্বের (পার্টনারশিপ) অংশ হিসেবে আগামী ছয় মাসের জন্য গ্রামীণফোনের এক্সক্লুসিভ পার্টনার হবে চরকি। এ সময় মাইজিপি অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা খুব সহজেই তাঁদের পছন্দমতো এন্টারটেইনমেন্ট প্যাক কিনে নিতে পারবেন। গ্রামীণফোনের গ্রাহকেরা এখন সাশ্রয়ী ও আকর্ষণীয় বিভিন্ন এন্টারটেইনমেন্ট প্যাকের মাধ্যমে চরকির প্রিমিয়াম বাংলা কনটেন্ট দেখার সুযোগ পাবেন। তাঁরা এখন চলচ্চিত্র, টিভি সিরিজ ও অন্যান্য ডিজিটাল কনটেন্টের বিস্তৃত বিশ্বে খুব সহজেই প্রবেশ করতে পারবেন। এ ছাড়া কম খরচে অনেক বেশি কনটেন্ট উপভোগ করার সুযোগ পাবেন গ্রাহকেরা।

গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম বলেন, ‘এ পার্টনারশিপের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক উপায়ে বিনোদন উপভোগ করার সুযোগ নিয়ে এসেছি।’

চরকির জনপ্রিয় কনটেন্টগুলো গ্রামীণফোন দর্শকের মাঝে যেভাবে পৌঁছানোর পরিকল্পনা করেছে, তা অনবদ্য বলে মন্তব্য করেন চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি। বিজ্ঞপ্তি