জাতীয় চা পুরস্কার পেল ইস্পাহানি
ইস্পাহানি টি লিমিটেডের মালিকানাধীন মির্জাপুর চা-বাগান শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা-বাগান ক্যাটাগরিতে ‘জাতীয় চা পুরস্কার ২০২৬’ পেয়েছে। ইস্পাহানির নেপচুন চা-বাগানের চা-শ্রমিক জেসমিন আক্তার ‘শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী’ ক্যাটাগরিতে তৃতীয়বারের মতো পুরস্কার অর্জন করেছেন।
জাতীয় চা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। মির্জাপুর চা-বাগানের পক্ষে ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি ও পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি এবং নেপচুন চা-বাগানের শ্রমিক জেসমিন আক্তার তাঁর পুরস্কার গ্রহণ করেন।
বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ; টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান শাহ্ মঈনুদ্দীন হাসান, বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান প্রমুখ।