শুরু হচ্ছে দেশসেরা ইন্টেরিয়র ডিজাইনার প্রতিযোগিতা, আবেদন শুরু ৫ আগস্ট
বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে পেশাগত উৎকর্ষ, সৃজনশীলতা ও মানসম্মত কাজকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘আইডিএবি এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬’। এতে অংশগ্রহণের জন্য ৫ আগস্ট থেকে আবেদন শুরু হবে, যা চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
আজ রোববার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি)। সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৪ সালের জন্য নির্ধারিত প্রথম আসরটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালে। সে সময় আবাসিক, করপোরেট, রিটেইল ও হসপিটালিটি—চার বিভাগে মোট ১১৭টি প্রকল্প জমা পড়েছিল। প্রথম আসরের ব্যাপক সাড়ার ওপর ভিত্তি করে এবার আরও বড় পরিসরে এই প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আগের আসরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিচারপ্রক্রিয়া ও সামগ্রিক আয়োজনকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের যেকোনো ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি তাঁদের সম্পন্ন করা প্রকল্প নির্ধারিত নিয়ম মেনে অনলাইনে জমা দিতে পারবেন। এর জন্য ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটটিতে আবেদনের নির্দেশিকা, যোগ্যতার শর্তাবলি, প্রয়োজনীয় কাগজপত্র ও জুরিবোর্ডের পরিচিতিসহ অন্যান্য তথ্য পাওয়া যাবে।
আইডিএবি সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, ‘গত তিন দশকে দেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন সময় এসেছে এই শিল্পকে সুসংগঠিত ও জবাবদিহিমূলক জায়গায় নিয়ে যাওয়ার। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে মেধাবী ডিজাইনাররা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন।’
প্রতিযোগিতার সূচি ও মূল্যায়ন পদ্ধতি তুলে ধরেন অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ও সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম সরন। অন্যদিকে দেশের সব ডিজাইনার ও স্থপতিকে এতে অংশ নেওয়ার আহ্বান জানান ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান।
অনুষ্ঠানে এ আয়োজনের স্পনসর প্রতিষ্ঠান সুইস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন জানান, দেশের বিকাশমান এই খাতের সঙ্গে তাঁরা যুক্ত থাকতে পেরে আনন্দিত।
সংবাদ সম্মেলনে আইডেবের উপদেষ্টা শফিউল ইসলামসহ সংগঠনের নির্বাহী কমিটির সদস্য, স্থপতি, পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এবারের আয়োজনে পরামর্শক হিসেবে কাজ করছে ডিজাইন ডক্টরস স্টুডিও।