সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ড্যাফোডিল–প্যারামাউন্ট চুক্তি
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্যারামাউন্ট গ্রুপের মধ্যে চুক্তি সই হয়েছে।
পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) নামের এ চুক্তির অধীনে ৩.৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘ওপেক্স সোলার প্রজেক্ট’ নামের একটি সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে আগামী চার মাসের মধ্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভবন ও হলের ছাদে সৌর প্যানেল স্থাপন করা হবে।
সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে গত সোমবার আয়োজিত পিপিএ স্বাক্ষর অনুষ্ঠানে প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান, উপাচার্য এমআর কবির, সহ-উপাচার্য মোহাম্মদ মাসুম ইকবাল, কোষাধ্যক্ষ হামিদুল হক খান এবং প্যারামাউন্ট গ্রুপের পরিচালক (অর্থ) জাহিদুল আবেদীন ও কোম্পানি সেক্রেটারি রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার মোহাম্মদ নাদির বিন আলী এবং প্যারামাউন্ট গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সাদাব হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, ওপেক্স মডেলের আওতায় বাস্তবায়িত এই প্রকল্পের ফলে কোনো প্রাথমিক বিনিয়োগ ছাড়াই সৌরবিদ্যুৎ-সুবিধা গ্রহণ করতে পারবে বিশ্ববিদ্যালয়। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৭ টাকা নির্ধারিত হওয়ায় বিদ্যুৎ ব্যয়ে উল্লেখযোগ্য সাশ্রয় হবে এবং দীর্ঘ মেয়াদে খরচ স্থিতিশীল থাকবে।