এক মিনিটে সর্বাধিক স্টিল রিবার উৎপাদনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছে একেএস

আবুল খায়ের স্টিল (একেএস) কারখানার চিত্রছবি– একেএসের সৌজন্যে

দেশের ইস্পাতশিল্পে নতুন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে আবুল খায়ের স্টিল (একেএস)। এক মিনিটে সর্বাধিক স্টিল রিবার উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মোস্ট স্টিল রিবারস প্রডিউসড ইন ওয়ান মিনিট শিরোপা অর্জন করেছে।

কোম্পানিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নির্ধারিত যাচাইয়ের প্রক্রিয়া অনুযায়ী, একেএস এক মিনিটে ৫২টি স্টিল রিবার উৎপাদন করেছে। প্রতিটি রিবারের দৈর্ঘ্য ছিল ১০৮ মিটার। বিশ্বের দ্রুততম রিবার রোলিং মিল, আধুনিক প্রযুক্তি, দক্ষ প্রকৌশল ও উৎপাদন ব্যবস্থাপনার সমন্বয়ে এ রেকর্ড সম্ভব হয়েছে।

একেএস বলছে, এই অর্জনের মাধ্যমে বাংলাদেশের ইস্পাতশিল্পের প্রযুক্তিগত সক্ষমতা, উৎপাদন দক্ষতা ও আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থাপনা বিশ্বের পরিসরে নতুন স্বীকৃতি পেয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একেএসের উৎপাদন ব্যবস্থার অন্যতম ভিত্তি হলো ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি। এর মাধ্যমে শতভাগ পরিশোধিত ইস্পাত উৎপাদন করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান মোমিন বলেন, এই বিশ্বরেকর্ড শুধু একেএসের জন্য নয়, বাংলাদেশের উৎপাদন শিল্পের সক্ষমতা ও সম্ভাবনারও আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বমানের প্রযুক্তি, দক্ষ জনবল ও উৎকর্ষের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মান বজায় রেখে সর্বোচ্চ মানের ইস্পাত উৎপাদনে কোম্পানি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উৎপাদনের পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নেও গুরুত্ব দিচ্ছে একেএস। উৎপাদনের প্রক্রিয়ায় পানি নিঃসরণ করা হয় না। শিল্পকারখানায় ব্যবহৃত পানি পরিশোধন করে পুনর্ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সৌরশক্তির ব্যবহার, আধুনিক ধোঁয়া পরিশোধন ব্যবস্থা, উৎপাদন উপকরণের পুনর্ব্যবহার ও নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে।

একেএস জানায়, দেশের আবাসন, শিল্প ও বৃহৎ অবকাঠামো নির্মাণে দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য ইস্পাত সরবরাহের মাধ্যমে তারা আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে কাজ করে আসছে।