কেন্দ্রীয় ব্যাংকের ৩টি তহবিলে যুক্ত মার্কেন্টাইল ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মতিউল হাসান সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তি সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেনছবি: মার্কেন্টাইল ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের পণ্য রপ্তানি বহুমুখীকরণ, পরিবেশবান্ধব কারখানা স্থাপন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে মোট পাঁচ হাজার কোটি টাকার তিনটি পুনঃ অর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে মার্কেন্টাইল ব্যাংক। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি একটি অংশীদারত্ব চুক্তি করেছে বেসরকারি খাতের এই ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মতিউল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. তহিদুল ইসলাম এবং মার্কেন্টাইল ব্যাংকের আরএমজি ফাইন্যান্সিং ইউনিটের প্রধান মো. মোস্তাহিদুর রেজা চৌধুরী, সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের অফিশিয়াল ফোকাল পয়েন্ট মোহাম্মদ হাসিবুল হাকিম খান প্রমুখ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কেন্টাইল ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এই স্কিমগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে দেশে টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তিনির্ভর আধুনিক অর্থনীতি বিকাশে ভূমিকা রাখবে মার্কেন্টাইল ব্যাংক। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি ও দারিদ্র্য হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক গত ৭ জুন রপ্তানি বহুমুখীকরণে তিন হাজার কোটি টাকার তিন বছর মেয়াদি পুনঃ অর্থায়ন তহবিল গঠন করে। এই তহবিল থেকে রপ্তানিকারকেরা ৭ শতাংশ সুদে ঋণ পাবেন। পরদিন পরিবেশবান্ধব কারখানা ভবন ও পরিবেশবান্ধব শিল্প খাতের জন্য এক হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকেরা এই তহবিল থেকে ৫ শতাংশ সুদে ঋণ পাবেন। ২৫ জুন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের জন্য এক হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। উদ্যোক্তারা এই তহবিলের ঋণ পাবেন ৪ শতাংশ সুদে।