উত্তরাঞ্চলে ‘ঢাকা পে’ চালু করল ঢাকা ব্যাংক

ঢাকা পে সেবার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান।গতকাল বৃহস্পতিবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর শহরে ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টেছবি: প্রথম আলো

উত্তরাঞ্চলে নগদবিহীন লেনদেন সহজ করতে ‘ঢাকা পে’ চালু করেছে ঢাকা ব্যাংক। এই ক্যাশলেস স্ক্যান ও পে ব্যবস্থায় শুধু কিউআর কোডের মাধ্যমে গ্রাহকের পেমেন্ট এবং ঢাকা ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকের লেনদেন সহজে করতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর শহরে ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির উপমহাপরিচালক (ডিএমডি) মো. মোস্তাক আহমেদ। তিনি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা শিল্পপতি ও ব্যবসায়ীদের হাতে ঢাকা পে’র কিউআর কোড তুলে দেন।

মোস্তাক আহমেদ বলেন, ‘ব্যাংকের মানসিকতায় কেবল ব্যবসা থাকলে হবে না, এ জন্য প্রয়োজন গ্রাহক সেবা নিশ্চিত করা ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকা। আমরা এ ধরনের সেবা দীর্ঘদিন ধরে দিয়ে আসছি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইকু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিদ্দিকুল আলম, রংপুরের সুমি গ্রুপের চেয়ারম্যান তানভির হোসেন আশরাফী, ব্যবসায়ী সুব্রত রুদ্র প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী ভাইস প্রেসিডেন্ট কুতুব উদ্দিন, সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. রাশেদুজ্জামানসহ রংপুর, দিনাজপুর ও বগুড়া শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা।