খাবার ও বিনোদন একই ছাদের নিচে, চালু হলো দ্য গ্র্যান্ডিয়র ও প্লেফিনিটি
বাংলাদেশের জীবনধারা ও বিনোদন খাতে নতুন মাত্রা যোগ করতে আকিজ ইনসাফ গ্রুপ চালু করল দ্য গ্র্যান্ডিয়র ও প্লেফিনিটি। একই ছাদের নিচে প্রিমিয়াম ডাইনিং ও আধুনিক বিনোদন ব্যবস্থা আছে এই দুটি প্রতিষ্ঠানে।
সম্প্রতি রাজধানীর গুলশানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই দুটি ভিন্নধর্মী উদ্যোগ পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মীসহ সব বয়সী দর্শনার্থীদের জন্য এক নতুন অভিজ্ঞতার দ্বার উন্মোচন করবে আশা করছে আকিজ ইনসাফ গ্রুপ।
প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন।
আকিজ বেকার্স লিমিটের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্য গ্র্যান্ডিয়র এমন একটি প্রিমিয়াম ফুড ডেস্টিনেশন, যেখানে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন স্বাদের খাবার, আধুনিক স্থাপত্য, নান্দনিক পরিবেশ ও উৎকৃষ্ট সেবার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে একটি ব্যতিক্রমী ডাইনিং অভিজ্ঞতা। এটি শুধু খাবার উপভোগের স্থান নয়, একসঙ্গে সময় কাটানো, উদ্যাপন করা ও স্মরণীয় মুহূর্ত তৈরি করার কেন্দ্রবিন্দু।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্লেফিনিটি ভবিষ্যৎমুখী মহাকাশ-অনুপ্রাণিত নকশায় নির্মিত একটি আধুনিক বিনোদনকেন্দ্র, যেখানে রয়েছে অত্যাধুনিক গেমিং, ইন্টারঅ্যাকটিভ আকর্ষণ এবং নানা ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা। শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সব বয়সের দর্শনার্থীদের জন্য এটি হবে আনন্দ, কল্পনা ও প্রযুক্তিনির্ভর বিনোদনের এক নতুন জগৎ। এমন প্রত্যাশা করছেন উদ্যোক্তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্য গ্র্যান্ডিয়র ও প্লেফিনিটি শুধু দুটি নতুন প্রতিষ্ঠান নয়, বরং বাংলাদেশের প্রিমিয়াম লাইফস্টাইল, খাবার ও বিনোদনের জগতে এক নতুন অধ্যায়ের সূচনা।