বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে এম আওলাদ হোসেন। বুধবার (১ জুলাই) থেকে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমান পদে দায়িত্ব পাওয়ার আগে কে এম আওলাদ হোসেন একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২১ সালে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক এবং সিবিও হিসেবে যোগদান করেন। ব্যাংকের যাত্রার শুরু থেকেই ব্যবসায়িক লক্ষ্য অর্জনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগদানের আগে কে এম আওলাদ হোসেন ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সেখানে তিনি দীর্ঘ ১৭ বছর কর্মরত ছিলেন এবং সিবিও, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও), হেড অব ব্রাঞ্চ বিজনেস ও শাখাপ্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ ৩৩ বছরের বেশি সময়ের ব্যাংকিং ক্যারিয়ারে কে এম আওলাদ হোসেন শাখা ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, করপোরেট ব্যাংকিং, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও স্ট্র্যাটেজিক প্ল্যান বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন।
শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।