ইবিএলের গ্রাহকদের বিমা সেবা দেবে শান্তা লাইফ

ইস্টার্ন ব্যাংকের সঙ্গে ব্যাংকাস্যুরেন্স চুক্তি করেছে শান্তা লাইফ ইনস্যুরেন্স। গত বৃহস্পতিবার ইবিএলের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, শান্তা লাইফ ইনস্যুরেন্সের পরিচালক আরিফ খানসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরাছবি: ইবিএল

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও শান্তা লাইফ ইনস্যুরেন্স যৌথভাবে ব্যাংকাস্যুরেন্স পণ্য ও সেবা চালু করেছে। ফলে ইবিএলের গ্রাহকেরা এখন থেকে সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে জীবনবিমা সেবা গ্রহণ করতে পারবেন। গত বৃহস্পতিবার ঢাকায় ইবিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্যোগটি দেশের ব্যাংকিং ও বিমা খাতের মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের জন্য বিমা সেবাকে আরও সহজলভ্য করে তুলবে। ব্যাংকাস্যুরেন্স উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে গ্রাহকদের জন্য সহজলভ্য আর্থিক সুরক্ষা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে সমন্বিত আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রকে আরও শক্তিশালী করা। ইবিএলের শক্তিশালী ব্যাংকিং প্ল্যাটফর্ম এবং শান্তা লাইফ ইনস্যুরেন্সের জীবনবিমা খাতে অভিজ্ঞতার সমন্বয়ে এই অংশীদারত্ব ব্যক্তি ও পরিবারের আর্থিক পরিকল্পনার সুযোগকে আরও সম্প্রসারিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শান্তা লাইফ ইনস্যুরেন্সেরের পরিচালক আরিফ খান ও এম আনিসুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস আখতার আহমেদ এবং উপব্যবস্থাপনা পরিচালক খুরশেদ কাইসার, ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার, প্রধান তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা জাহিদুল হক, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। '