পিকাবুতে বিনিয়োগ করল এক্স অ্যাঞ্জেল
ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবুতে এক্স অ্যাঞ্জেল ফার্স্ট প্রাইভেট ইকুইটি ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করছে এক্স অ্যাঞ্জেল লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি শেয়ারহোল্ডার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহীদুজ্জামান। পিকাবুর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার।
এ ছাড়া পিকাবুর বিদ্যমান শেয়ারহোল্ডার স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই ও সহকারী ভাইস প্রেসিডেন্ট নাফিস আলম।
অনুষ্ঠানে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার বলেন, ‘এক্স অ্যাঞ্জেল দেশের সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তাদের অগ্রযাত্রার অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ। পিকাবুর মতো একটি স্বনামধন্য ও বিকাশমান ই-কমার্স প্ল্যাটফর্মে বিনিয়োগ আমাদের সেই লক্ষ্য।’
পিকাবুর প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার বলেন, ‘এক্স অ্যাঞ্জেল লিমিটেডের সঙ্গে এই অংশীদারত্ব পিকাবুর ভবিষ্যৎ অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক্স অ্যাঞ্জেলের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে আমরা নতুন সম্ভাবনাগুলো কাজে লাগাতে আশাবাদী।’
এর আগে ২০২৩ সালের আগস্টে পিকাবুর ১৫ লাখ মার্কিন ডলারের প্রি-সিরিজ রাউন্ডে অংশ নিয়েছিল স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল)। ওই রাউন্ডের নেতৃত্বে ছিল আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড-১। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই বলেন, দেশে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় বেসরকারি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। পিকাবুতে এক্স অ্যাঞ্জেল লিমিটেডের বিনিয়োগ তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।