রেনাটা পিএলসি ও রেনাটা ক্যানসার কেয়ার আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় স্নিগ্ধর টাইটেল স্পনসর
দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান রেনাটা পিএলসি তাদের বিশেষায়িত উদ্যোগ রেনাটা ক্যানসার কেয়ারের সঙ্গে যৌথভাবে কলম্বোয় অনুষ্ঠেয় আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় এন্ডিউরেন্স অ্যাথলেট ও আইএসএসএ সার্টিফায়েড রানিং কোচ সাজ্জাদ হোসেন স্নিগ্ধর টাইটেল স্পনসর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেনাটা এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়রনম্যান ৭০.৩ কলম্বো দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ট্রায়াথলন ইভেন্ট। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও শৃঙ্খলার সমন্বয়ে গড়া এই আন্তর্জাতিক আয়োজন বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ও সহনশীলতার প্রতীক হিসেবে পরিচিত।
উদ্যোগটির মাধ্যমে রেনাটা পিএলসি ও রেনাটা ক্যানসার কেয়ার সচেতন জীবনধারা, মানসিক শক্তি, নিয়মিত পরিশ্রম এবং সময়োপযোগী যত্নের ওপরও জোর দেয়। সে জন্য একজন এন্ডিউরেন্স অ্যাথলেটের দীর্ঘ ও কঠিন প্রস্তুতি ও প্রতিযোগিতায় তাঁর পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠান দুটি। আয়রনম্যান যাত্রার সঙ্গে রেনাটা ক্যানসার কেয়ারের সম্পৃক্ততা একটি প্রতীকী বার্তাও বহন করে। এন্ডিউরেন্স স্পোর্টসে যেমন প্রয়োজন ধৈর্য, সাহস ও অবিচল মানসিকতা, তেমনি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়েও দরকার দীর্ঘস্থায়ী শক্তি, আশা ও সহায়তা। এই সংযুক্তি ক্যানসার কেয়ারকে চিকিৎসার গণ্ডি ছাড়িয়ে জীবনবিশ্বাস ও প্রেরণার অংশ হিসেবে উপস্থাপন করে।
এ নিয়ে সাজ্জাদ হোসেন স্নিগ্ধ বলেন, ‘এই যাত্রা শুধু একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার গল্প নয়, এটি শৃঙ্খলা, মানসিক শক্তি এবং সামনে এগিয়ে যাওয়ার সাহসের প্রতিচ্ছবি। রেনাটা পিএলসি ও রেনাটা ক্যানসার কেয়ার এই যাত্রার পাশে থাকায় এর অর্থ আরও গভীর হয়ে উঠেছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পতাকা নিয়ে একটি আন্তর্জাতিক এন্ডিউরেন্স মঞ্চে অংশগ্রহণের এই উদ্যোগকে জাতীয় গর্বের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। এটি স্বাস্থ্যবান সমাজ গড়ে তোলার পথে রেনাটার প্রতিশ্রুতি এবং মানুষের জীবনের প্রতিটি ধাপে পাশে থাকার দর্শনকে সামনে নিয়ে এসেছে।
ক্যাপশন
এন্ডিউরেন্স অ্যাথলেট ও আইএসএসএ সার্টিফায়েড রানিং কোচ সাজ্জাদ হোসেন স্নিগ্ধর সঙ্গে কলম্বোয় অনুষ্ঠেয় আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় তাঁর স্পনসর রেনাটা পিএলসি ও রেনাটা ক্যানসার কেয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: রেনাটার সৌজন্যে