সৌদি বিনিয়োগ উপমন্ত্রীর সঙ্গে চৌধুরী নাফিজ সরাফাতের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের বিনিয়োগ উপমন্ত্রী বদর আই আলবদরের সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত
বিজ্ঞপ্তি

ঢাকায় সফররত সৌদি আরবের বিনিয়োগ উপমন্ত্রী বদর আই আলবদরের সঙ্গে দেশের বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাতের বৈঠক হয়েছে। রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতার মধ্যে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাব্যতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে তাঁরা সৌদি আরবের বিনিয়োগ পরিকল্পনা ও ব্যবসা সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা করেন।

বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে সৌদি আরবের ৩১ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল এ সপ্তাহে বাংলাদেশ সফর করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সৌদি আরবের কোম্পানিগুলো বাংলাদেশের চেইন হোটেল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসন খাতে দৃষ্টি নিবদ্ধ করে অবকাঠামো প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সম্ভাব্য উদ্যোগের মধ্যে আছে ম্যারিয়ট হোটেল প্রকল্প, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ, হেইলিবেরি স্কুল ও অন্যান্য বড় মাপের অবকাঠামো প্রকল্প।

বৈঠকে বদর আই আলবদর নাফিজ সরাফাতকে সম্ভাব্য অংশীদারত্বমূলক প্রকল্পের জন্য পদক্ষেপ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। উভয় পক্ষ আসন্ন এক্সপো ২০৩০-এ প্রকল্প প্রদর্শনে কৌশল গ্রহণে সম্মত হয়েছে, যার লক্ষ্য হচ্ছে, সৌদি আরবে অধিকতর সহযোগিতা ও সম্প্রসারণের পথ প্রশস্ত করা। নাফিজ সরাফাত এটাকে সৌদি আরবের কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারত্বে যাওয়ার সুযোগ হিসেবে দেখছেন। এতে এ অঞ্চলে হোটেল ও অবকাঠামোগত ব্যবসার পথ প্রশস্ত হবে বলে তিনি মনে করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বৈঠক বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিশ্রুতিবদ্ধ অংশীদারি তৈরির ক্ষেত্র তৈরি করবে, যা উভয় দেশের সমৃদ্ধি ও উন্নয়নে ভূমিকা রাখবে।