ডাচ্-বাংলা ব্যাংকের এমডির দায়িত্বে মো. এহতেশামুল হক খান
বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মো. এহতেশামুল হক খান। আজ শনিবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করে দায়িত্বভার বুঝে নেন। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাংকসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি শুক্রবার বয়সের সময়সীমার কারণে ব্যাংকটির এমডি আবুল কাশেম মো. শিরিনের নিয়মিত চাকরির মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষের আগে তিনি টানা আট বছর ব্যাংকটির এমডির দায়িত্ব পালন করেন। তাঁর মেয়াদ শেষের কারণে আজ ছুটির দিনে নতুন এমডি তাঁর দায়িত্বভার গ্রহণ করেন। অর্থাৎ ডাচ্-বাংলা ব্যাংকে আবুল কাশেম মো. শিরিনের স্থলাভিষিক্ত হয়েছেন এহতেশামুল হক খান।
ব্যাংকটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. এহতেশামুল হক খান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করার আগে প্রায় ছয় বছর তিনি ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায় কর্মকর্তা (সিবিও) হিসেবে কর্মরত ছিলেন। এহতেশামুল হক খান ব্যাংকটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ডাচ্-বাংলা ব্যাংকের স্থানীয় কার্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মো. এহতেশামুল হক খান ২০০৩ সালে ডাচ্-বাংলা ব্যাংকে যোগ দেন। এই দীর্ঘ সময়ে তিনি ব্যাংকের বিভিন্ন গুণগত পরিবর্তন, উদ্ভাবন, ব্যবসা সম্প্রসারণ এবং কর্মীদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৯৫ সালে বেসিক ব্যাংকে সহকারী ব্যবস্থাপক (অন প্রবেশন) হিসেবে তাঁর ব্যাংকিং পেশা শুরু হয়। সব মিলিয়ে এই ব্যাংকারের ৩০ বছরের বেশি ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে।
মো. এহতেশামুল হক খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে বিএসসি (স্নাতক) ও এমএসসি (স্নাতকোত্তর) সম্পন্ন করেছেন।