আরএকে সিরামিকস বাংলাদেশের সিইও খোরশেদ আলম

খোরশেদ আলম, সিইও, আরএকে সিরামিকস

আরএকে সিরামিকসের (বাংলাদেশ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম। আজ বুধবার থেকে তিনি নতুন এই দায়িত্ব গ্রহণ করেন। এক বিজ্ঞপ্তিতে আরএকে সিরামিকস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়িক কৌশল প্রণয়ন, বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক উন্নয়ন ও করপোরেট ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আরএকে সিরামিকসে যোগ দিয়েছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানের কৌশলগত প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে বলে আশা করছে আরএকে সিরামিকস বাংলাদেশ। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে খোরশেদ আলম প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত দিকনির্দেশনার নেতৃত্ব দেবেন। পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি, পরিচালনাগত উৎকর্ষ বৃদ্ধি, উদ্ভাবন এবং গ্রাহক ও অংশীজনদের জন্য অধিকতর মূল্য সৃষ্টিতে তিনি ভূমিকা রাখবেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর খোরশেদ আলম বলেন, ‘আরএকে সিরামিকস বাংলাদেশে যোগ দিতে পেরে আমি আনন্দিত। গুণগত মান, উদ্ভাবন এবং গ্রাহকের আস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি শক্তিশালী একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’ দক্ষ সহকর্মী ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করা এবং বাজারে নেতৃত্বের অবস্থান সুসংহত করতে তিনি কাজ করবেন।

নতুন প্রধান নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানিয়ে আরএকে সিরামিকস বাংলাদেশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, খোরশেদ আলমের কৌশলগত দৃষ্টিভঙ্গি, নেতৃত্বের দক্ষতা এবং শিল্প খাতে অভিজ্ঞতা প্রতিষ্ঠানটিকে প্রবৃদ্ধি, উদ্ভাবন ও উৎকর্ষের নতুন উচ্চতায় পৌঁছে দিতে সহায়তা করবে।

বিশ্বমানের উৎপাদন সুবিধা, আধুনিক প্রযুক্তি, বৈচিত্র্যময় পণ্য এবং দেশব্যাপী শক্তিশালী পরিবেশক নেটওয়ার্কের জন্য আরএকে সিরামিকস বাংলাদেশ পরিচিত। প্রতিষ্ঠানটি বর্তমানে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও কার্যক্রম সম্প্রসারণ করছে।