যুক্তরাষ্ট্রের কভারিংস প্রদর্শনীতে অংশ নিয়েছে এক্স সিরামিকস

উত্তর আমেরিকার বৃহত্তম সিরামিক টাইলস ও প্রাকৃতিক পাথর প্রদর্শনী ‘কভারিংস ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশের সিরামিক খাতের প্রতিষ্ঠান এক্স সিরামিকস গ্রুপ।ছবি: এক্স সিরামিকসের সৌজন্যে

উত্তর আমেরিকার বৃহত্তম সিরামিক টাইলস ও প্রাকৃতিক পাথর প্রদর্শনী ‘কভারিংস ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশের সিরামিক খাতের প্রতিষ্ঠান এক্স সিরামিকস গ্রুপ।

যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে অবস্থিত লাস ভেগাস কনভেনশন সেন্টারে গত ৩০ মার্চ থেকে ২ এপ্রিল কভারিংস প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। এতে সারা বিশ্বের প্রস্তুতকারক, স্থপতি, ডিজাইনার ও শিল্পপতিরা অংশ নিয়েছিলেন। এক্স সিরামিকসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

কনভেনশন সেন্টারের নর্থ হলের ৩৩৭৯ নম্বর বুথে এক্স সিরামিকস তাদের সর্বশেষ উদ্ভাবিত পণ্য প্রদর্শন করে। কোম্পানিটি জীবাণু-প্রতিরোধী টাইলস, তাপমাত্রা নিয়ন্ত্রণকারী টাইলস, অ্যান্টি-স্লিপ টাইলস, স্টোন শিল্ড টাইলস (যা আঁচড়রোধী ও টেকসই) এবং প্রাকৃতিক কাঠের নান্দনিকতা ও দীর্ঘস্থায়ী কার্যকারিতাসম্পন্ন উড ট্রেইল টাইলসসহ বিভিন্ন পণ্য উপস্থাপন করেছে।

টাইলসের পাশাপাশি কোম্পানিটি তাদের স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড ‘এক্স বাথওয়্যার’–এর পণ্য প্রদর্শন করেছে। যার মধ্যে রয়েছে ইতালিয়ান ডিজাইন ও প্রিসিশন সিরিজ। আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতি রেখে পণ্যগুলো রোবোটিক হাই প্রেশার কাস্টিং মেশিন ও উন্নত রোবোটিক গ্লেজিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়।

প্রদর্শনীতে এক্স সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহিন মাজহার, উপদেষ্টা ও পরিচালক মুহাম্মদ শহিদুজ্জামান প্রদর্শনীতে কোম্পানির প্রতিনিধিত্ব করেন।

মাহিন মাজহার বলেন, কভারিংস প্রদর্শনীতে অংশগ্রহণ শুধু কোম্পানির জন্যই নয়, বাংলাদেশের জন্যও একটি গর্বের মুহূর্ত। কারণ, এটি দেশের ক্রমবর্ধমান উৎপাদনক্ষমতা, উদ্ভাবন ও বৈশ্বিক মানের প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই মাইলফলক বাংলাদেশের সিরামিক ও স্যানিটারি ওয়্যার শিল্পের রপ্তানি বৃদ্ধি, আন্তর্জাতিক অংশীদারত্ব এবং বিশ্বব্যাপী স্বীকৃতির জন্য নতুন সুযোগ উন্মোচন করবে।