পুরস্কার পেলেন ইলেক্ট্রো মার্টের নুরুল আফছার 

ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফছার সম্প্রতি ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ শীর্ষক পুরস্কার পেয়েছেন। সম্প্রতি কম্বোডিয়ার রাজধানী নমপেনে এক অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।ছবি: ইলেক্ট্রো মার্ট গ্রুপ

‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ শীর্ষক পুরস্কার পেয়েছেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল আফছার। সম্প্রতি কম্বোডিয়ার রাজধানী নমপেনে এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এশিয়ার তরুণ ও উদীয়মান করপোরেট নেতাদের স্বীকৃতি দিতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। ব্যবসা, উদ্ভাবন ও অর্থনীতিতে অবদানের জন্য এ বছর এশিয়ার বিভিন্ন দেশের ৫০ জন সিইওকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইলেক্ট্রো মার্ট গ্রুপ এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, নমপেনের শাংরি-লা হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ২৮টি দেশের প্রায় ২৮০ জন করপোরেট নেতা ও সিইও অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমন্ত্রী হেম ভান্দি।

ইলেক্ট্রো মার্ট গ্রুপ জানায়, তিন দশকের বেশি সময় ধরে মো. নুরুল আফছার দেশের ইলেকট্রনিকস খাতের উন্নয়ন ও সম্প্রসারণে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন বিপণন কৌশল, পণ্য বৈচিত্র্য, বাজার গবেষণা এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব এবং উৎপাদন কার্যক্রম সম্প্রসারণেও তিনি ভূমিকা রেখেছেন।

পুরস্কার পাওয়ায় নুরুল আফছারকে অভিনন্দন জানিয়ে ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান বলেন, মো. নুরুল আফছারের দূরদর্শী ও উদ্ভাবনী
নেতৃত্ব প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি ও উৎকর্ষ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই স্বীকৃতি তাঁর অবদানেরই প্রতিফলন।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় নুরুল আফছার বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে এই স্বীকৃতি পাওয়া গর্বের ও সম্মানের। এই অর্জন ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।’ দেশের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সবার সঙ্গে কাজ করে যেতে চান বলেও জানান।