শান্তা পিনাকলের হস্তান্তর কার্যক্রম সম্পন্ন
রাজধানীর তেজগাঁওয়ে দেশের প্রথম ৪০ তলা ভবন শান্তা পিনাকলের আনুষ্ঠানিক হস্তান্তর সম্পন্ন হয়েছে। প্রায় ৫০০ ফুট উচ্চতার এই ভবন দেশের প্রথম পূর্ণাঙ্গ স্কাইস্ক্র্যাপার হিসেবে পরিচিতি পেয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় শান্তা হোল্ডিংস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ এপ্রিল ভবনটির ৪০তম তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তা হোল্ডিংসের পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমির মালিক, গ্রাহক প্রতিনিধি ও স্থপতি এহসান খান।
অনুষ্ঠানে বলা হয়, এ আয়োজন শুধু একটি প্রকল্পের সফল সমাপ্তিই নয়, বরং বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানসম্পন্ন বাণিজ্যিক অবকাঠামো নির্মাণে শান্তা হোল্ডিংসের অঙ্গীকারকেও পুনর্ব্যক্ত করেছে। এ ছাড়া ভবনটি পরিবেশবান্ধব স্থাপনা হওয়ায় লিড প্লাটিনাম স্বীকৃতি পেয়েছে। একই সঙ্গে ভবনটিতে এনএফপিএর আধুনিক অগ্নিনিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে নির্মিত হয়েছে। ভবনের কাঠামোগত নকশায় মেইনহারড সিঙ্গাপুরের সহায়তায় ভূমিকম্প সহনশীলতার দিক থেকে আরও শক্তিশালী করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকল্পটি নির্মাণ প্রযুক্তিতে বেশ কিছু নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। অ্যালুমিনিয়াম ফ্রেমওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে স্ল্যাব সম্পন্ন করার রেকর্ড গড়ে দ্রুততম সিভিল নির্মাণের উদাহরণ স্থাপন করা হয়েছে। এ ছাড়া রয়েছে ৬ দশমিক ৮ সিওপি ক্ষমতাসম্পন্ন সেন্ট্রিফিউগাল চিলার, যা জ্বালানি দক্ষতা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশগত প্রভাব কমাতে সহায়তা করে। এ ছাড়া এই ভবনে দেশের প্রথমবারের মতো উইন্ড টানেল টেস্টিং করা হয়েছে, যা ভবনের স্থায়িত্ব আরও বাড়িয়েছে। পাশাপাশি আটটি হাইস্পিড লিফট ও সমন্বিত আইবিএমএস সিস্টেম ভবনের কার্যক্রমকে আরও আধুনিক ও মজবুত করেছে।