আকিজের ব্রেইল টাইলস স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


এই পৃথিবীর সুন্দর দৃশ্য থেকে দৃষ্টিহীনরা বঞ্চিত। নিত্যদিনের চলাচলের জন্য তাদের অন্যের সাহায্যের প্রয়োজন হয়। অথচ ব্রেইলের মাধ্যমে তাদের এই নির্ভরশীলতা দূর করা যায়। ব্রেইল টাইলসে স্পর্শ করে দৃষ্টিহীনরা সঠিক দিকনির্দেশনা পেয়ে অন্যের সাহায্য ছাড়াই চলাচল করতে পারে।  

তাদের কথা চিন্তা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২-এ আকিজ সিরামিকস্ ও ক্যারটকম লিমিটেডের যৌথ উদ্যোগে 'Let The Walls Be Language Friendly' নামে একটি ক্যাম্পেইন করা হয়। ক্যাম্পেইনটিতে ব্রেইল টাইলসের আইডিয়া বাস্তবে রূপান্তর করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে ব্রেইল টাইলস স্থাপনের মাধ্যমে এই ক্যাম্পেইনটি সম্পন্ন করা হয়। এর ফলে দৃষ্টিহীনদের সঙ্গে ভাব বিনিময়ের যেমন একটি নতুন মাধ্যমের সৃষ্টি হয়, তেমনি তারা এই ব্রেইল টাইলসের মাধ্যমে দিকনির্দেশনা পড়ে নিজেই সবকিছু করতে পারে।

তবে এই ক্যাম্পেইনটি শুধু ভাষা দিবসেই থেমে থাকেনি। ক্যাম্পেইনটি ছড়িয়ে গেছে অনেক দূরে। তারই ধারাবাহিকতায় ৩ ডিসেম্বর International Day of Persons with Disabilities দিনটিকে সামনে রেখে বছিলার আইকন হাসপাতাল লিমিটেডের ডিরেক্টর রিশাত জামানের সহযোগিতায় আকিজ সিরামিকস্ ও ক্যারটকম লিমিটেডের যৌথ উদ্যোগে ৬ ডিসেম্বর ২০২২ হাসপাতালটিতে ব্রেইল টাইলস স্থাপন করা হয়। এর ফলে দৃষ্টিহীনরা অন্য কারও সাহায্য ছাড়াই টাইলসের দিকনির্দেশনা অনুসরণ করে তাদের কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাবেন।

এ বিষয়ে রিয়াসাত জামান বলেন, ‘আমরা চেয়েছিলাম এমন একটা কিছু করতে, যার মাধ্যমে দৃষ্টিহীনরা খুব সহজেই অন্য কারও সাহায্য ছাড়াই ব্রেইল পদ্ধতির মাধ্যমে হাসপাতালের দিকনির্দেশনা এবং অন্যান্য সেবা নিতে পারবেন। আকিজ সিরামিকস্-এর ব্রেইল টাইলস-এর মাধ্যমে আমাদের সেই ইচ্ছা পূরণ করা সম্ভব হয়েছে।’

আকিজ বিল্ডিং ম্যাটেরিয়ালস-এর বিজনেস ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘সমাজের সব ধরনের প্রতিবন্ধকতা নিয়ে আকিজ সিরামিকস কাজ করতে চায়। ক্যারটকম লিমিটেড যখন প্রথম এই আইডিয়া নিয়ে আমাদের কাছে এসেছিল, আমাদের মনে হয়েছিল এর মাধ্যমে সমাজের সার্বিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের জন্য কার্যকরী সমাধান আনা সম্ভব এবং এই মহৎ উদ্যোগের মাধ্যমে সবাইকে এই বিশেষ মানুষদের জন্য কিছু করার প্রতি স্পৃহাও দেওয়া যাবে। তাই আমরা সাদরে এই আইডিয়া গ্রহণ করেছিলাম। ভবিষ্যতেও আমরা এ ধরনের আরও কাজ করতে আশাবাদী। আমরা ব্রেইল টাইলস নিয়ে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য হাসিল করতে চাই না। বরং সমাজের দৃষ্টিহীনদের জন্য আমরা বিনা মূল্যে এই সরবরাহ করতে চাই এবং আমাদের ঠিকানা ও বিস্তারিত দিলে সেখানেও বিনা মূল্যে ব্রেইল টাইলস সংযোজন করে দিয়ে আসবে আকিজ সিরামিকস।’

আকিজ সিরামিকস্-এর হেড অব ব্র্যান্ড শাহজাদা ইয়াসির আরাফাত  জানিয়েছেন, ‘যেকোনো সাইজ, ডিজাইন, সারফেসের টাইলস এ আমরা কাস্টমাইজড ব্রেইল ভাষা ইমপ্রিন্ট করে দিতে পারব। গ্রাহকেরা সরাসরি আকিজ সিরামিকস্-এর এক্সক্লুসিভ শোরুমে ভিজিট করে তাদের প্রয়োজনীয় ডিজাইন সিলেক্ট করে পছন্দের ভাষা বা মেসেজ দিয়ে ব্রেইল টাইলস এর অর্ডার করে যেতে পারবেন। এ ছাড়া আকিজ সিরামিকস্-এর ফেসবুক পেজ থেকে এই টাইলস সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এবং অর্ডার করা যাবে।’

প্রতিটি পাবলিক প্লেসে এই ব্রেইল টাইলস ব্যবহার করলে দৃষ্টিহীনদের জীবনের পথটা আরও সহজ করে তুলবে। দেশের এই সুবিধাবঞ্চিত দৃষ্টিহীনদের অবকাঠামো উন্নয়নে দাতব্য প্রতিষ্ঠানগুলোতে এই ব্রেইল টাইলস আকিজ সিরামিকস্ বিনা মূল্যে দিতেও আশাবাদী।