পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং শাখায় রূপান্তরিত হলো মিডল্যান্ড ব্যাংকের বনানী শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের নিলুফার হাইটসে মিডল্যান্ড ব্যাংকের ইসলামি ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদসহ অন্য অতিথিরা
ছবি: মিডল্যান্ড ব্যাংক

রাজধানীর বনানীতে অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রচলিত শাখাটিকে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং শাখায় রূপান্তর করা হয়েছে। শরিয়াহসম্মত ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।

সম্প্রতি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের নিলুফার হাইটসে (বি–৫২, প্রথম তলা) অবস্থিত এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান এবং সদস্য আবু ইউছুফ মো. নেসার উদ্দিন ও মুহাম্মদ শাহজাহান মাদানী উপস্থিত ছিলেন। এ ছাড়া মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপান্তরিত এই শাখার মাধ্যমে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য শরিয়াহসম্মত আমানত, বিনিয়োগসহ আধুনিক সব ব্যাংকিং সেবা দেওয়া হবে। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য নীতিমালা অনুযায়ী এসব কার্যক্রম পরিচালিত হবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বনানী ও এর আশপাশের এলাকার ব্যক্তি ও ব্যবসায়িক গ্রাহকদের মধ্যে শরিয়াহভিত্তিক আর্থিক সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তারা বলেন, বনানী শাখাকে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং শাখায় রূপান্তর মিডল্যান্ড ব্যাংকের ইসলামি ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহকদের আধুনিক, সহজলভ্য ও শরিয়াহসম্মত আর্থিক সেবা প্রদানের অঙ্গীকারেরই প্রতিফলন।