কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ফিটফ্যামজ ও গার্ডিয়ান লাইফের সঙ্গে চুক্তি ক্লথস ‘আর’ আসের

চুক্তি সই অনুষ্ঠানে ক্লথস ‘আর’ আস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিয়াও সেন থাই ডলি, ফিটফ্যামজের প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসেন, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের শাখা ব্যবস্থাপক কাজী আশিকুর রহমান।ছবি: ক্লথস ‘আর’ আসের সৌজন্যে

কর্মীদের সুস্থতা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ফিটফ্যামজ ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) সই করেছে বায়িং হাউস ক্লথস ‘আর’ আস লিমিটেড (সিআরইউ)। এই চুক্তির আওতায় ক্লথস ‘আর’ আসের কর্মীরা সমন্বিত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত চুক্তি সই অনুষ্ঠানে ক্লথস ‘আর’ আস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিয়াও সেন থাই ডলি, ফিটফ্যামজের প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসেন, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের শাখা ব্যবস্থাপক কাজী আশিকুর রহমান।

২০১৫ সালে প্রতিষ্ঠিত ক্লথস ‘আর’ আস লিমিটেড টেকসই উপকরণ ব্যবহার করে পোশাক সংগ্রহ উৎপাদনে কাজ করছে। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় তৈরি পোশাক উৎপাদন করেন। ক্লথস ‘আর’আসের এমডি কিয়াও সেন থাই ডলি ২০২৪ সালে ডিএইচএল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ২২তম বাংলাদেশ ব্যবসা পুরস্কার পেয়েছেন।

ফিটফ্যামজ একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক ফিটনেস কমিউনিটি। ২০১৫ সালে সাংহাইয়ে ছয় বন্ধুর উদ্যোগে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্মটি বর্তমানে বিশ্বের ১৯টি শহরে এক লাখের বেশি সদস্যের একটি নেটওয়ার্কে পরিণত হয়েছে। সারা বছর বিনা মূল্যে ফিটনেস ও ওয়েলনেস কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। অন্যদিকে ২০১৪ সালে যাত্রা শুরু করা গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গ্রাহকদের জন্য বিশ্বমানের বিমা সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে এবং ইতিমধ্যে বিমা খাতে একটি পরিচিত নাম হয়ে উঠেছে।