গত ৩১ ডিসেম্বর ২০২২-এ সমাপ্ত অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২২) সময়সীমার ওপর ৩ দশমিক ৯ শতাংশ ইন্টেরিম ক্যাশ ডিভিডেন্ট বা অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আইডিএলসি ইনকাম ফান্ডের ট্রাস্টি।
২০২১-এর জুনে বাংলাদেশের প্রথম ‘ডেবট (Debt) মিউচুয়াল ফান্ড’ হিসেবে যাত্রা শুরু করা আইডিএলসি ইনকাম ফান্ড ১৮ মাসের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো নগদ লভ্যাংশ ঘোষণা করল। সব মিলিয়ে যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত আইডিএলসি ইনকাম ফান্ডের গড় বার্ষিক রিটার্ন ৭ দশমিক ৮৪ শতাংশ।
উল্লেখ্য, আইডিএলসি ইনকাম ফান্ড একটি ‘ডেবট (Debt) মিউচুয়াল ফান্ড’, যা ইক্যুইটি (Equity) মিউচুয়াল ফান্ডের চেয়ে ভিন্ন। ইক্যুইটি মিউচুয়াল ফান্ড মূলত ইক্যুইটি বা স্টকে বিনিয়োগ করে থাকে আর ডেট মিউচুয়াল ফান্ড তার বৃহদাংশ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করার মাধ্যমে বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করে।
বিনিয়োগের সুরক্ষার পাশাপাশি ভালো রিটার্নের লক্ষ্যে আইডিএলসি ইনকাম ফান্ড সর্বোচ্চ ক্রেডিট রেটিং সম্পন্ন করপোরেট বন্ড এবং এফডিআর ইত্যাদিতে বিনিয়োগ করে থাকে। তা ছাড়া, সেকেন্ডারি শেয়ারে কোনো প্রকার বিনিয়োগ না করায়, শেয়ার মার্কেটের অস্থিরতার বাইরে থেকে ছয় মাস অন্তর অন্তর ক্যাশ ডিভিডেন্ড প্রদানের মাধ্যমে বিনিয়োগকারীদের নিয়মিত ভালো রিটার্ন দিতে সক্ষম হয়েছে আইডিএলসি ইনকাম ফান্ড।
এ ছাড়া আইডিএলসি ইনকাম ফান্ডের বিনিয়োগকারীরা বিনিয়োগকৃত অঙ্কের ওপর সর্বোচ্চ ট্যাক্স রিবেট (১৫ শতাংশ)-এর সুবিধা পেয়ে আসছেন।
এ বিষয়ে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব কুমার দে জানান, যদি নিরাপদ বিনিয়োগ এবং রিটার্নের এ রকম ধারাবাহিকতা বজায় রাখা যায়, তাহলে যাঁদের ট্যাক্স রিবেট পাওয়ার জন্য সঞ্চয়পত্রের বিনিয়োগ কোটা ইতিমধ্যে শেষ, আবার স্টক মার্কেটে বিনিয়োগের ঝুঁকি নিয়ে দুশ্চিন্তা রয়েছে, তাঁদের জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ডেট মিউচুয়াল ফান্ড হতে পারে একটি মুখ্য বিনিয়োগ মাধ্যম।