অনলাইন হাটে কেনা পশুর মূল্য বিকাশে পরিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে কোরবানির পশু কিনলে বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিকাশ। পাশাপাশি মাংস প্রক্রিয়াজাত করা ও বাড়ি পৌঁছে দেওয়ার সেবা নিলেও বিকাশে মূল্য পরিশোধ করা যাবে।

সারা দেশে মোট ১১টি অনলাইন হাটে বিকাশের এই সেবা পাওয়া যাবে। এর মধ্যে দারাজ, অথবা, প্রিয়শপ, গরুর হাট ও সাদিক অ্যাগ্রোর অনলাইন হাট থেকে গরু ও ছাগল, আজকের ডিল ও বিডি গরুর হাট থেকে শুধু গরু আর জোগান, হাংরিনাকি ও খাশি হাট থেকে শুধু ছাগল কেনার ক্ষেত্রে তা প্রযোজ্য হবে।

অনলাইন হাটগুলোর সংশ্লিষ্ট লিংক বা ওয়েবসাইটে গিয়ে পশু পছন্দ করতে পারছেন গ্রাহকেরা। বিক্রেতার সঙ্গে ফোনে অথবা ভিডিও কলের মাধ্যমেও পশু যাচাই করা যাচ্ছে। ওয়েবসাইট থেকে পশুর বিষয়ে নিশ্চিত হয়ে পরে মূল্য পরিশোধ করবেন ক্রেতারা।

অনলাইন হাটগুলোর নিজেদের ওয়েবসাইট ছাড়াও https://www. bkash. com/online_hat লিংকে ক্লিক করে অনলাইন হাটের তালিকাসহ সব ধরনের সেবা সম্পর্কে জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনলাইন হাট থেকে জ্যান্ত পশু বাড়ি আনতে চাইলে অনলাইনভিত্তিক ট্রাক সরবরাহকারী প্রতিষ্ঠান ট্রাক লাগবের মাধ্যমে হোম ডেলিভারি নেওয়া যাবে। এ ছাড়া বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম কসাইয়ের সুবিধা দিচ্ছে। এসব সেবার মূল্য বিকাশে পরিশোধ করা যাবে।

বিকাশ কর্তৃপক্ষ জানায়, করোনার মধ্যে মানুষের কোরবানির পশু কেনা সহজ করতে বিকাশ এই সেবা দিচ্ছে। তবে এ ক্ষেত্রে পণ্য নিয়ে ভোগান্তি হলে গ্রাহককে সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে তা নিষ্পত্তি করতে হবে।