করোনা চিকিৎসায় ঋণ দেবে আইপিডিসি ফাইন্যান্স
আইপিডিসি ফাইন্যান্স করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য ঋণ দেবে। ‘আইপিডিসি আরোগ্য’ নামের এই ঋণের জন্য করোনা রোগীর মা-বাবা, ভাই-বোন ও স্বামী-স্ত্রীর যে কেউই আবেদন করতে পারবেন। আইপিডিসিতে আমানত আছে, এমন গ্রাহকেরা যেমন ঋণটি নিতে পারবেন, তেমনি নতুন যে কেউ এই সুযোগ পাবেন। ঋণের সীমা ৫০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইপিডিসি। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাঁদের আমানতে যে হারে সুদ দেওয়া হয়, এই ঋণেও ঠিক সেই হারে সুদ নেওয়া হবে। আর নতুন গ্রাহকদের জন্য ঋণের সুদহার হবে বাজারভিত্তিক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইপিডিসি আরোগ্য’ ঋণ দুভাবে দেওয়া হবে। আইপিডিসিতে আমানত আছে, এমন গ্রাহকেরা এই ঋণ পাবেন। যদি আইপিডিসিতে কারও আমানত হিসাব না থাকে, তাহলে তাঁকে চিকিৎসার জন্য ব্যক্তিগত ঋণ দেওয়া হবে। সে ক্ষেত্রে তিনি চলমান ব্যয় তহবিলের হার অনুযায়ী ঋণ পাবেন এবং এটি ব্যক্তিগত ঋণ হিসেবে বিবেচিত হবে।
শুধু করোনায় আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হলে ‘আইপিডিসি আরোগ্য’ ঋণ নেওয়া যাবে। তবে এই ঋণের আবেদনকারীকে করোনা রোগীর পরিবারের সদস্য হতে হবে। আমানতকারীদের ক্ষেত্রে ঋণ পরিশোধের সর্বোচ্চ সময়সীমা দুই মাস। আর যাঁরা আমানতকারী নন, সেসব ব্যক্তিগত ঋণ গ্রহণকারীদের বেলায় ঋণ শোধের সর্বোচ্চ সীমা ৩৬ মাস।
এ প্রসঙ্গে আইপিডিসির রিটেইল বিজনেসের প্রধান সাভরিনা আরিফিন বলেন, ‘এই ঋণ সেবা করোনা চিকিৎসার ক্ষেত্রে আর্থিক বাধাকে দূর করে অনেক পরিবারের জন্য স্বস্তি বয়ে আনবে, এটাই আমাদের আশা।’