আসছে ‘বড় মঞ্চের তারকা’

হাতিল কমপ্লেক্স লিমিটেডের সঙ্গে প্রথম আলোর সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে (বাঁ থেকে) হাতিলের পরিচালক মশিউর রহমান, পরিচালক মাহফুজুর রহমান, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, হাতিলের ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী মাইশা রহমান ও পরিচালক শফিকুর রহমান। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়েছবি: সাবিনা ইয়াসমিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সীমানা পেরিয়ে ভিনদেশে নিজেদের দ্যুতি ছড়াচ্ছেন যেসব তারকা, তাঁদের নিয়ে প্রথম আলো আয়োজন করছে ‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠান। প্রথম আলো ডটকম, ফেসবুক পেজ ও ইউটিউবে ৫ অক্টোবর মঙ্গলবার এই অনুষ্ঠানের প্রচার শুরু হবে। এ আয়োজনে প্রথম আলোর সঙ্গে থাকছে দেশীয় আসবাব ব্র্যান্ড হাতিল। এ লক্ষ্যে গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হাতিল কমপ্লেক্স লিমিটেডের সঙ্গে প্রথম আলোর একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

প্রথম আলোর পক্ষ থেকে সমঝোতা স্মারকে সই করেন সম্পাদক মতিউর রহমান। অপর পক্ষে সই করেন হাতিল কমপ্লেক্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিল কমপ্লেক্স লিমিটেডের তিন পরিচালক মাহফুজুর রহমান, মশিউর রহমান ও শফিকুর রহমান এবং ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী মাইশা রহমান, প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন, উপদেষ্টা (বিজ্ঞাপন, সেলস) রশিদুর রহমান সবুর, হেড অব ডিজিটাল বিজনেস এ বি এম জাবেদ সুলতান, প্রশাসন বিভাগের প্রধান উৎপল কুমার চক্রবর্তী ও কালচারাল ইভেন্ট অ্যান্ড স্পেশাল অ্যাফেয়ার্সের সমন্বয়ক কবির বকুল।

হাতিল ফার্নিচার নিবেদিত ‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানটি প্রতি মঙ্গলবার রাত নয়টায় প্রচারিত হবে। ৫ অক্টোবর প্রথম পর্বে অতিথি থাকবেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইতিমধ্যে এই আয়োজনের পাঁচটি পর্ব ধারণ করা হয়েছে। বাকি চার পর্বে অতিথি হয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেত্রী নুসরাত ফারিয়া, কণ্ঠশিল্পী তাহসান রহমান খান ও শায়ান চৌধুরী অর্ণব। পর্বগুলো উপস্থাপনা করেছেন অভিনেত্রী পূর্ণিমা। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কবির বকুল।

হাতিল কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, খবরের ভিন্নতা, বস্তুনিষ্ঠতা, তথ্যের সত্যতা প্রথম আলোকে অনন্য করেছে। যা কিছু ভালো তার সঙ্গে রয়েছে প্রথম আলো। প্রথম আলোর এই ব্র্যান্ড ভ্যালুর সঙ্গে থাকার লক্ষ্য নিয়ে এ আয়োজনে যুক্ত হয়েছে হাতিল। তিনি জানান, দেশে হাতিলের ৭০টি বিক্রয়কেন্দ্র রয়েছে। বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত হওয়ার প্রত্যাশা নিয়ে হাতিল ভারতে ১৫টি ও ভুটানে ২টি বিক্রয়কেন্দ্র গড়ে তুলেছে।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, প্রথম আলো ডিজিটাল মাধ্যমে খবর প্রকাশের পাশাপাশি নতুন নতুন নানা আয়োজন করে থাকে। যেসব তারকা এ দেশের সংস্কৃতিকে সীমানার বাইরে নিয়ে যাচ্ছেন, তাঁদের নিয়ে এই আয়োজন করা হয়েছে।