ইউনাইটেড হসপিটালের ১৫ বছর পূর্তি
রোগীর সেবায় আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হসপিটালের ১৫ বছর পূর্তি অনুষ্ঠান হয়েছে। বাদ জোহর রোগীদের দীর্ঘায়ু কামনা করে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদের আয়োজনের মধ্য দিয়ে ইউনাইটেড হসপিটালের ১৫ বছর পূর্তি অনুষ্ঠান শুরু হয়।
ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন হাসান রশীদ এবং ইউনাইটেড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফাইজুর রহমান, বোর্ড মেম্বারস, চিকিৎসক, নার্স, পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে কেক কেটা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মঈনউদ্দিন হাসান রশীদ বলেন, ‘ইউনাইটেড হসপিটাল ১৫ বছর অতিক্রম করেছে। আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানের যে লক্ষ্য নিয়ে এ হসপিটালের যাত্রা হয়েছিল, সেখানে ছাড় দেওয়ার অবকাশ নেই। আমাদের চেষ্টা থাকবে প্রতিষ্ঠানকে একটা রোল মডেল হিসেবে দাঁড় করানো, “সেন্টার অব এক্সিলেন্স” হিসেবে তৈরি করা।’ তিনি আরও বলেন, ইউনাইটেড গ্রুপের অধীনে ‘ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড’-এর আওতাধীন কয়েকটি নতুন হসপিটালসহ সব মিলিয়ে সারা দেশে অচিরেই ১ হাজার ৭০০ শয্যা সক্ষমতাসম্পন্ন সেবা পরিচালনা করা হবে। এ সেবা উত্তরোত্তর বাড়ানো ও সেবার মান ধরে রাখতে ইউনাইটেড গ্রুপ ও ইউনাইটেড হসপিটাল বদ্ধপরিকর।
ফাইজুর রহমান বলেন, ‘১৫ বছর ধরে প্রাইভেট হেলথ সেক্টরে আমরা সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত ৫ লাখ ৩০ হাজারের বেশি রোগী ও তাঁদের পরিবারকে আমরা স্বাস্থ্যসেবা প্রদান করেছি। যার মধ্যে ইমার্জেন্সি ডিপার্টমেন্টেই এসেছে ২ লাখ ৩০ হাজারের বেশি রোগী। এ থেকে প্রমাণ হয়, মানুষ ইমার্জেন্সি মুহূর্তে আমাদের ওপর আস্থা রেখেছে।’
ফাইজুর রহমান আরও বলেন, ‘করোনার সময় আমাদের চিকিৎসক ও নার্সদের দলগত ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে রোগীকে সেবা প্রদান সত্যিই প্রশংসার দাবিদার। এ পর্যন্ত আমরা ৭০ হাজারের বেশি রোগীকে করোনার সেবা দিতে সক্ষম হয়েছি। বাংলাদেশে প্রথম ইউনাইটেড হসপিটালে ট্রান্সক্যাথেটার এওর্টিক ভাল্ভ ইমপ্লান্ট পদ্ধতির চিকিৎসা, র্যাডিক্যাল সিস্টোপ্রোসটেটেকটমি উইথ অর্থোটপিক নিউব্লাডার রিকনস্ট্রাকশন সার্জারি, বিরল হার্নিয়া সার্জারি, ক্যানসার রোগীকে সফলভাবে ক্রোনোমডুলেটেড কেমোথেরাপি প্রয়োগসহ অনেক সফলতার গল্প আছে আমাদের।’
প্রসঙ্গত, ২০০৬ সালের এই দিনে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী ইউনাইটেড গ্রুপের মালিকানা ও তত্ত্বাবধানে ইউনাইটেড হসপিটালের কার্যক্রম উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি