ইউনিলিভারের ব্যবসাবিষয়ক প্রতিযোগিতা বিজমায়েস্ট্রোজের ১২তম আসর শুরু
দেশের উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে ব্যবসায়িক দক্ষতাসহ নেতৃত্ব ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) এবারও ‘বিজমায়েস্ট্রোজ ২০২১’ শীর্ষক ব্যবসাবিষয়ক প্রতিযোগিতার আয়োজন করেছে। এটি এই প্রতিযোগিতার ১২তম আসর।
বিজমায়েস্ট্রোজ প্রতিযোগিতা উপলক্ষে গত রোববার একটি অফিশিয়াল নিবন্ধন ওয়েবসাইট (https://bizmaestros.site) চালু করেছে ইউনিলিভার বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা এই ওয়েবসাইটিতে ঢুকে নিবন্ধন ও নিজেদের ‘বিজনেস কেস’ দাখিল করতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদেরকে ‘বাস্তবমুখী করপোরেট চ্যালেঞ্জের রোমাঞ্চকর অভিজ্ঞতা ও বিভিন্ন আকস্মিক পরিস্থিতি মোকাবিলার বিষয়ে হাতেখড়ি দিতে’ ইউনিলিভার এই ফ্ল্যাগশিপ বিজনেস কম্পিটিশনের আয়োজন করে আসছে। সে অনুযায়ী সাম্প্রতিক পরিস্থিতি ও বাস্তবমুখী প্রেক্ষাপটের আলোকে এবারে বিজমায়েস্ট্রোজের থিম বা প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘নেভিগেটিং ইন দ্য নিউ নরমাল’।
ইউনিলিভার বাংলাদেশ আশা করছে, এ বছরের প্রতিযোগিতার প্রথমপর্বে সরাসরি ৬০০–এর বেশি শিক্ষার্থী অংশ নেবেন। গত বছর প্রথমপর্বে ৪ শতাধিক শিক্ষার্থী ১৪৫টি দলে অংশ নিয়েছিলেন। তখন ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে নানান কার্যক্রম পরিচালনা করেছিল ইউনিলিভার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীরা প্রতিবছর যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য ইউনিলিভারের বৈশ্বিক প্ল্যাটফর্ম ‘ফিউচার লিডারস লিগ (এফএলএল) ২০২২’–এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত ইউনিলিভারের এই ধরনের ‘জাতীয় প্রতিযোগিতায়’ বিজয়ী দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। এ ছাড়া প্রতিযোগিতার শীর্ষ তিন দল ইউনিলিভার লিডারশিপ ইন্টার্নশিপ প্রোগ্রামের (ইউএলআইপি) আওতায় ইন্টার্ন করার সুযোগ পাবে। এ ছাড়া প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হওয়ার পর থেকে যারা ভালো ফলাফল অর্জন করবে, তাদেরও ইউনিলিভার বাংলাদেশের ভবিষ্যত নিয়োগের ক্ষেত্রে ‘ট্যালেন্ট পাইপলাইন’–এ অগ্রাধিকারের ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে।
এ প্রসঙ্গে ইউনিলিভার বাংলাদেশের মানবসম্পদ বিভাগের পরিচালক সাকশী হান্ডা বলেন, ‘শিক্ষার্থীদের জন্য বিজমায়েস্ট্রোজ হলো অনন্য একটি সুযোগ, যেখানে তাঁরা বাস্তবমুখী অভিজ্ঞতা, ব্যবসায় প্রশিক্ষণের পাশাপাশি শীর্ষ করপোরেট নেতাদের কাছ থেকে মানসম্পন্ন দিকনির্দেশনা, পরামর্শ পাওয়ার পাশাপাশি ইউনিলিভার বাংলাদেশে যোগদানের সুবর্ণ সুযোগ পেয়ে থাকেন। এই প্রতিযোগিতার মাধ্যমে অতীতে আমরা অসাধারণ কিছু তরুণ মেধাবীর সন্ধান পেয়েছি এবং তাঁদেরকে ভবিষ্যতের যোগ্য করপোরেট নেতা হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছি।’
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের অন্যতম শীর্ষ ভোগ্য ও নিত্যব্যবহার্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে একই বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যবিশিষ্ট প্রতিটি দল বিভিন্ন ব্যবসায়িক বিষয়ে তাঁদের উদ্ভাবিত ‘সমাধান’ জমা দেবে। দ্বিতীয় রাউন্ডে উঠবে ৩০টি দল, যারা সরাসরি ভার্চ্যুয়াল মাধ্যমে বিচারকদের সামনে নিজেদের সমাধান তুলে ধরবে। এই পর্যায়ে তারা মেন্টরিং ও লার্নিং সেশনের সহায়তা পাবে। দুটি ভার্চ্যুয়াল রাউন্ড শেষ হওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে প্রতিযোগিতার শেষ রাউন্ড সবার উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে শীর্ষ ছয় দল।
এবারের প্রতিযোগিতায় বিচারকেরা হলেন—বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী, অ্যাপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এমডি জাভেদ আখতার এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের এমডি কে এস এম মিনহাজ।