ই–ভ্যালির নতুন ক্যাম্পেইন টি১০
ই-কমার্স কেনাকাটায় গ্রাহকদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ই–ভ্যালি নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন টি১০ । এ প্রচারণার বৈশিষ্ট্য হলো যেকোনো পণ্য বা সেবার মুদ্রিত মূল্যের শুধু ১০ শতাংশ অগ্রিম পরিশোধ করে বাকি মূল্য ক্যাশ অন ডেলিভারিতে (সিওডি), অর্থাৎ পণ্য হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন গ্রাহকেরা। আর পণ্যের ডেলিভারি পাওয়া যাবে ১০ দিনের মধ্যে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ই–ভ্যালি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই–কমার্সের জন্য প্রণীত নতুন এসওপির আলোকে ও গ্রাহকদের অব্যাহত চাহিদার কথা বিবেচনায় আকর্ষণীয় অফার ও সেবা নিয়ে টি১০ ক্যাম্পেইন সাজানো হয়েছে। এ ক্যাম্পেইন চলবে প্রতি শুক্রবার ঠিক রাত ১০টা ১০ মিনিটে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই অফার চলবে।
টি১০ নিয়ে ই–ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, ‘গ্রাহকের আস্থা ও বিশ্বাস আমাদের পথ চলার প্রেরণা। আর সেই বিশ্বাসের বন্ধন আরও শক্তিশালী করতে এবং গ্রাহকের ই-শপিং অভিজ্ঞতায় নতুন মাত্রা দিতেই আমরা নিয়ে এসেছি টি১০ ক্যাম্পেইন। টি১০ ক্যাম্পেইনটি অত্যন্ত সফল হবে বলে আমরা আশাবাদী।’
নতুন এই ক্যাম্পেইন বা প্রচারণায় বাণিজ্য মন্ত্রণালয় প্রণীত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের (এসওপি) আলোকে গ্রাহক ও ভোক্তাদের এ সেবা দেবে ই–ভ্যালি ডটকম ডট বিডি।