এমসিসিআই কার্যালয় সফরে ইইউ রাষ্ট্রদূত
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি আজ বুধবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের (এমসিসিআই) গুলশান কার্যালয় সফর করেন।
কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এমসিসিআইয়ের সভাপতি মো. সাইফুল ইসলাম। এ সময় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ইইউয়ের ভূমিকার কথা স্মরণ করেন তিনি। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে অস্ত্র ছাড়া আর সব পণ্য রপ্তানির যে সুযোগ দিয়েছে, তা বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে যে ভূমিকা পালন করেছে, তার কথা বিশেষভাবে স্মরণ করেন সাইফুল ইসলাম।
২০২৬ সালের মধ্যে বাংলাদেশের এলডিসি উত্তরণ হবে। একই সঙ্গে উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। এই দ্বৈত উত্তরণের পর বাংলাদেশের রপ্তানিপণ্যে উচ্চ শুল্ক আরোপিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন এমসিসিআইয়ের সভাপতি। দেশের টেকসই উত্তরণের লক্ষ্যে তিনি ক্রান্তিকালীন সহায়তা প্রত্যাশা করেন। টেকসই উত্তরণের জন্য ইবিএর মেয়াদ কিছুদিন বৃদ্ধি করা হবে বলেও প্রত্যাশা করেন তিনি।
ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। ইউরোপে বাংলাদেশ যে উচ্চমানের পণ্য রপ্তানি করছে, তার প্রশংসাও করেন তিনি। বলেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার আরও অনেক ক্ষেত্র অনাবিষ্কৃত রয়ে গেছে। নবায়নযোগ্য জ্বালানি, দক্ষতা উন্নয়ন, উচ্চ প্রযুক্তি—এসব খাতে যৌথভাবে কাজ করার অবকাশ আছে।
এ সময় ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি কামরান টি রহমান, সহসভাপতি হাবিবুল্লাহ এন করিম, পর্ষদ সদস্যদের মধ্যে আনিস এ খান, সৈয়দ তারেক মো. আলি, প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ প্রমুখ।