এসি কেনার আগে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসি বা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, একসময় ছিল উচ্চবিত্তদের বিলাসিতা। এখন তা উচ্চবিত্ত-মধ্যবিত্তের প্রযোজনীয়তায় রূপ নিয়েছে। একটু স্বস্তি, প্রশান্তির জন্য এসি এখন ঘরে ঘরে। তীব্র গরমে অনেকেই এখন এসি কিনতে আগ্রহী হচ্ছেন। বাজারে পাওয়া যায় নানা ধরনের এসি। কিন্তু কেনার আগে জানতে হবে বেশ কিছু বিষয়।

এসির আকার

এসি কেনার পরিকল্পনাতে প্রথমেই প্রশ্ন আসে, কত টন এসি কেনা হবে। এই টন মানে কিন্তু ওজন নয়। ১ টন এসি মানে ১২,০০০ বিটিইউ/ঘণ্টা, দেড় টন মানে ১৮,০০০ বিটিইউ/ঘণ্টা—এভাবে বাড়তে থাকে। ১ টনের ১টি এসি প্রতি ঘণ্টায় রুম থেকে ১২,০০০ বিটিইউ তাপ শোষণ করতে পারে। তার মানে যত বেশি টন মানের এসি, তত বেশি ঠান্ডা করার ক্ষমতা।

সাধারণত একটি কক্ষ যদি ১০০-১২০ বর্গফুট হয়, সে ক্ষেত্রে ১ টন এসি যথেষ্ট। ১২০-১৫০ বর্গফুট ঘরের জন্য দরকার দেড় টন এসি, ১৫০-২০০ বর্গফুট বা তার বেশি আয়তনের ঘরের জন্য দরকার ২ টন ক্ষমতার এসি।

উইন্ডো এসি না স্প্লিট এসি?

কোন ধরনের এসি কেনা হবে—স্প্লিট এসি নাকি উইন্ডো এসি? স্প্লিট এসিতে কমপেসরটি থাকে ঘরের বাইরে। তাই ঘরের দেয়ালের যেকোনো অংশে লাগিয়ে দেওয়া যায়। তাতে মেশিনের শব্দ খুবই কম হয়। উইন্ডো এসি লাগাতে গেলে একটি জানালা বন্ধ হয়ে যায়। দামের দিক থেকে উইন্ডো এসির দাম স্প্লিট এসির থেকে বেশ কম।

দেখতে হবে বিদ্যুৎ খরচের রেটিং

এসির গায়ে স্টিকারে বেশ কিছু স্টার রেটিং করা থাকে। এক থেকে পাঁচ পর্যন্ত রেটিংই থাকে সাধারণত। ১ স্টার রেটিং মানে এসিটি ১ বছরে ব্যবহার করে ৮৪৩ ইউনিট। ৫ স্টার মানে এসিটি ব্যবহার করে ৫৫৪ ইউনিট। সহজ কথায়, যত বেশি স্টার, বিদ্যুৎ খরচ তত কম।

বিদ্যুৎ বিল সাশ্রয়ী ইনভার্টার!

বিদ্যুৎ বিল সাশ্রয় করার জন্য ইনভার্টার এসি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এই এসিতে ঘর প্রয়োজনমতো ঠান্ডা হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় কমপেসর। যেহেতু এ এসির কমপেসর কম ক্যাপাসিটিতেও চলতে পারে, তাই সাধারণ এসির চাইতে এই এসিতে বিদ্যুৎ খরচ হয় কম।

কনডেনসার ও কমপেসর দেখে কিনুন

পিওর কপারের তৈরি, কম ব্যাসের (৪-৭ মিলিমিটার) এবং টিউবের ভেতরে ফিন আছে,Ñএমন কনডেনসার দেখে এসি কিনুন। মোটা ব্যাসের সাধারণ টিউবের থেকে কম ব্যাসের ফিনযুক্ত কনডেনসারের দক্ষতা বেশি। এসির কমপেসর নষ্ট হয় বেশি, তাই কেনার আগে কমপেসরের বিষয়টি ভালোভাবে যাচাই করে নিন।

ব্র্যান্ড

এসি কেনার শুরুতেই মাথায় রাখতে হবে, এটা যেন টেকসই হয়। হোক সেটা দেশি বা বিদেশি, প্রাধান্য দিতে হবে ভালো ব্র্যান্ডে। ভালো ব্র্যান্ড আপনাকে গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ করবে। নানা ধরনের আকর্ষণীয় এসি হয়তো আপনার নজর কাড়বে, তবে কেনার আগে ভালোভাবে বিবেচনা করাই হবে বুদ্ধিমানের কাজ। কোন ব্র্যান্ডের এসি কেনা হবে, তার ওপর নির্ভর করছে এসির দাম।

আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়...

  • উন্নত ব্র্যান্ডের এসিগুলোতে ভালো এয়ার ফিল্টার বিল্ট ইন অবস্থায় থাকে। এর সঙ্গে অ্যাডজাস্টেবল থার্মোস্ট্যাট, দুটি কুলিং স্পিড এবং কমপক্ষে দুটি ফ্যান স্পিড থাকে, যাতে ঘরের তাপমাত্রা অনুযায়ী ইচ্ছেমতো চালানো যায়, এমন এসি কিনতে হবে।

  • টাইমার হলো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। টাইমারের মাধ্যমে একটি এসি টানা কতক্ষণ চলবে, তা ঠিক করে দিতে পারবেন। এর ফলে প্রচুর বিদ্যুৎ বিল বাঁচবে।

  • ড্যাক্টলেস, মিনি–স্প্লিট এয়ার কন্ডিশনার—এ ধরনের এসি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে।

  • কিনতে পারেন পোর্টেবল এসিও। এই এসিতে ফ্লেক্সিবল এগজস্ট পাইপ থাকে, যা জানালা বা দেয়ালে ছিদ্র করে ঘরের বাইরের দিকে নিতে হয়। পোর্টেবল অর্থাৎ সহজে বহনের সুবিধা থাকায় এটি খুব কার্যকর। অন্যান্য এসির তুলনায় এটির দামও কিছুটা কম।

  • সেন্ট্রাল এসি: আমাদের দেশে বড় শপিং মল, হাসপাতাল, অফিসসহ কমার্শিয়াল জায়গায় এ ধরনের এসি ব্যবহার করা হয়। বড় জায়গার জন্য এ এসি আদর্শ।

  • হাইব্রিড এসি: সোলার প্যানেল থেকে এনার্জি উৎপাদন করে এ এসি চলে। এ ধরনের এসি পরিবেশবান্ধব। যদিও হাইব্রিড এসি এখন পর্যন্ত বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না।

  • ওয়ারেন্টি সার্ভিস এবং বিক্রয়োত্তর সেবা যেকোনো হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রেই দরকারি। তাই এসি কেনার আগে কোম্পানির বিক্রয়োত্তর সেবা কতটা উপযোগী,Ñসে বিষয়ে ভালো করে জেনে নিতে হবে।