ওয়ালটনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়তে চায় দক্ষিণ সুদান
বাংলাদেশের ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখিয়েছে ঢাকা সফররত দক্ষিণ সুদানের দুই মন্ত্রীসহ সাত সদস্যের প্রতিনিধি দল।
গত বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শনে এসে দক্ষিণ সুদানের প্রতিনিধি দল এই আগ্রহের কথা জানায়। সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেক। ওয়ালটনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রতিনিধি দলে আরও ছিলেন দক্ষিণ সুদানের প্রতিরক্ষা জেনারেল চোল থন বালোক, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাপরিচালক লিও ওকাহি লোলে, জয়েন্ট বর্ডার ভেরিফিকেশন অ্যান্ড মনিটরিং মেকানিজমের মেজর জেনারেল মাউ মানাসে মালেক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মায়োম আলিয়ার, পররাষ্ট্র উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ডিং ডেং এবং প্রতিরক্ষা উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মনিলাক মনিজক রিয়াক। এ সময় আরও উপস্থিত ছিলেন ইথিওপিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম, আফ্রিকায় নিযুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. তরিকুল ইসলাম প্রমুখ।
দক্ষিণ সুদানের প্রতিনিধি দলের প্রধান দেং দাউ দেং মালেক বলেন, পূর্ব-মধ্য আফ্রিকার দেশগুলো যেমন ইথিওপিয়া, উগান্ডা, কঙ্গো, সুদান ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বাজারে প্রবেশদ্বার হিসেবে কাজ করবে দক্ষিণ সুদান। সে জন্য ওয়ালটনের মতো বিশ্বের কয়েকটি বড় বড় প্রতিষ্ঠানকে দক্ষিণ সুদানের সঙ্গে ব্যবসায়িক ও বাণিজ্য সম্পর্ক স্থাপনের আহ্বান জানাচ্ছি। এ জন্য তাদের সব সহযোগিতা দেওয়া হবে।
ইথিওপিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেন, দক্ষিণ সুদানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করছে বাংলাদেশ। এ জন্য বাংলাদেশের সম্ভাবনাময় বাণিজ্যিক ক্ষেত্রগুলো খুঁজে বের করতে দক্ষিণ সুদানের প্রতিনিধি দলকে সহযোগিতা করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ওয়ালটন কারখানায় এই পরিদর্শন।
দক্ষিণ সুদানের প্রতিনিধি দল গত বৃহস্পতিবার বিকেলে ওয়ালটনের কারখানায় পৌঁছালে তাদের স্বাগত জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর আলম সরকার, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী, ওয়ালটন মানবসম্পদ বিভাগের প্রধান এস এম শাহাদাত আলম।