ওয়ালটনের স্মার্ট টিভিতে যুক্ত হলো ‘বঙ্গওয়াল’
ওয়ালটন স্মার্ট টিভিতে যুক্ত হচ্ছে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গওয়াল। সম্প্রতি ওয়ালটনের করপোরেট কার্যালয়ে এই সেবার উদ্বোধন করা হয়।
ওয়ালটন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ওয়ালটন স্মার্ট টিভিতে নতুন সেবাটি যুক্ত হওয়ায় গ্রাহকেরা সহজেই চার হাজারের বেশি জনপ্রিয় ও মানসম্মত কনটেন্ট দেখতে পারবেন। বছরে ৯০টি বিশেষ কনটেন্টও দেখা যাবে। এ ছাড়া তিন মাসের আর্লি-অ্যাক্সেস এক্সক্লুসিভ কনটেন্টসহ কেব্ল কানেকশন ছাড়াই ৪৫টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখার সুবিধা থাকবে ওয়ালটন স্মার্ট টিভিতে।
প্রতিষ্ঠানটি বলছে, গুগল প্লে স্টোর থেকে বঙ্গওয়াল অ্যাপটি ওয়ালটন স্মার্ট টিভিতে ইনস্টল করার পর সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে। এরপর বঙ্গওয়ালের সব কনটেন্ট উপভোগ করা যাবে।
এ সম্পর্কে ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা মো. ফিরোজ আলম বলেন, ‘আমরা গ্রাহকদের উন্নত মানের টেলিভিশন সরবরাহের পাশাপাশি তাঁদের ভালো মানের কনটেন্টের চাহিদা পূরণেও গুরুত্ব দিচ্ছি। এ জন্য ওয়ালটন এবং বঙ্গবিডি একসঙ্গে কাজ করছে। এই উদ্যোগ গ্রাহকদের ভালো মানের কনটেন্টের চাহিদা পূরণ করবে বলে আমার বিশ্বাস।’
বঙ্গবিডির সহপ্রতিষ্ঠাতা নাভিদুল হক বলেন, ‘বঙ্গবিডি ও ওয়ালটন দুটোই দেশীয় কোম্পানি। ওয়ালটনের সঙ্গে কাজে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত।’
ওয়ালটন টিভির প্রধান ব্যবসায়িক কর্মকর্তা মোস্তফা নাহিদ হোসেন বলেন, টিভি গ্রাহকদের যুগোপযোগী চাহিদা পূরণে চেষ্টা করছে ওয়ালটন। এই উদ্যোগ স্মার্ট টিভির কোটি গ্রাহকের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে।
অনুষ্ঠানে ওয়ালটন ও বঙ্গবিডির মধ্যে একটি ব্যবসায়িক চুক্তি হয়। চুক্তিতে সই করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নজরুল ইসলাম সরকার ও বঙ্গবিডির ব্যবসা উন্নয়ন বিভাগের উপপ্রধান মামুন আতিক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবুল বাশার হাওলাদার, ডিএমডি এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, ওয়ালটন প্লাজা ট্রেডসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রায়হান, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান ও আরিফুল আম্বিয়া, ব্র্যান্ড প্রধান দিদারুল আলম খান ও ওয়ালটন রেফ্রিজারেটরের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা আনিসুর রহমান মল্লিক। আর বঙ্গবিডির পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফায়াজ তাহের ও কনটেন্ট প্রধান মুশফিকুর রহমান।