করোনা মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী প্রচেষ্টা রবির
মহামারি করোনার কারণে সংকটকাল পার করছি আমরা। বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো প্রযুক্তির নানাবিধ ব্যবহার করে এ সংকট উত্তরণে চেষ্টা করে যাচ্ছে। একইভাবে আমাদের দেশেও সরকারি-বেসরকারি সংস্থাগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে, এর মধ্যে মোবাইল অপারেটর রবি ডেটা অ্যানালিটিকস ও ক্রাউডসোর্সিং ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে করোনা সংক্রমণ ট্রেসিং, এসএমএস অ্যালার্ট সার্ভিস ইত্যাদি সিস্টেম উদ্ভাবন করেছে। সেবাটি সব মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
করোনা মহামারি মোকাবিলায় একেবারে শুরু থেকেই এ ধরনের বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে সরকারকে সহযোগিতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রবি। বিভিন্ন দেশে আজিয়াটা গ্রুপের অধীন অপারেটিং কোম্পানিগুলো করোনা মোকাবিলায় যেসব উদ্যোগ নিয়েছে, এরই অংশ হিসেবে মূলত রবি এসব উদ্যাগ নিয়ে এ দেশের সরকার এবং জনগণকে সহযোগিতা করে যাচ্ছে। মহামারির এ সংকট মোকাবিলায় আজিয়াটা গ্রুপের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গ্রাহক এবং সমাজের সুরক্ষা নিশ্চিত করা। সে তাগিদ থেকেই যথাসম্ভব দ্রুততা এবং আন্তরিকতার সঙ্গে সমন্বিত এসব উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
প্রযুক্তিনির্ভর এসব উদ্যোগ সরকারকে যেমন সহযোগিতা করেছে, তেমনি সাধারণ জনগণকে সচেতন করতে দারুণ ভূমিকা রেখেছে। করোনার সময়ে করোনা সংক্রমিত এলাকায় গেলে রবির গ্রাহকেরা মোবাইলে সতর্কতামূলক এসএমএস পেয়েছেন। করোনা ট্রেসিং অ্যাপ্লিকেশনের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোন কোন জায়গায় করোনার সংক্রমণ বাড়ছে, তা বের করেছে এবং এর ফলে সরকার সেসব এলাকায় সংক্রমণ রোধে কাজ করতে পেরেছে। রবির উল্লেখযোগ্য এমন কয়েকটি উদ্যোগ হচ্ছে—
করোনা মোকাবিলায় অ্যানালিটিকস
কোভিড-১৯ মোকাবিলায় উন্নত অনেক দেশেই ডেটা অ্যানালিটিকসের মতো প্রযুক্তি ব্যবহারের কথা আমরা শুনেছি। বাংলাদেশও কিন্তু এ ক্ষেত্রে পিছিয়ে নেই, ডেটা অ্যানালিটিকসের শক্তিকে কাজে লাগিয়ে করোনা মোকাবিলায় সরকারকে সহযোগিতা করে যাচ্ছে রবি। এ জন্য একটি শক্তিশালী ডাটা অ্যানালিটিকস সিস্টেম তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ক্রাউডসোর্সিং প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা করোনা–সংক্রান্ত তথ্য-উপাত্ত এক জায়গায় এনে বিশ্লেষণ করা হয়। সেসব বিশ্লেষণের ভিত্তিতে একটি নির্দিষ্ট এলাকায় করোনা মোকাবিলায় করণীয় সম্পর্কে সরকার সিদ্ধান্ত নিতে পারছে। রবির সঙ্গে এ প্রকল্পে যৌথভাবে কাজ করছে সরকারের আইসিটি বিভাগের এটুআই প্রোগাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তর।
এসএমএসভিত্তিক করোনা অ্যালার্ট সার্ভিস
করোনা মহামারি পরিস্থিতিতেও জীবিকার প্রয়োজনে অনেককেই এখন ঘর থেকে বের হতে হচ্ছে। যাঁরা ঝুঁকি নিয়ে ঘর থেকে বের হচ্ছেন, তাঁদের বেশির ভাগই জানেন না কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত কি না, অথবা কোন এলাকায় করোনার সংক্রমণ বেশি। এ অবস্থায় কোনো একটি নির্দিষ্ট এলাকায় গেলে কেউ যদি আপনাকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে বলে, এই এলাকায় করোনা সংক্রমণের হার বেশি, সাবধানে চলাফেরা করুন, তাহলে তা মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
ঠিক সে কাজটিই রবি করে দেখিয়েছে। দেশের যেসব এলাকা করোনায় সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে, সেসব এলাকা ডেটা অ্যানালিটিকসের মতো অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে চিহ্নিত করে এ বিষয়ে মানুষকে সতর্ক করে যাচ্ছে রবি। প্রথমে ঢাকার বিভিন্ন এলাকায় এসএমএস ভিত্তিক এ করোনা অ্যালার্ট সার্ভিস চালু করা হয় গত এপ্রিলে। এরপর ধীরে ধীরে সারা দেশের রবি গ্রাহকেরা করোনা সচেতনতা তৈরিতে এই কার্যকর সেবাটি পাচ্ছেন। আইইডিসিআরের তথ্য অনুযায়ী, বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হওয়া এলাকাগুলো এই সেবার আওতায় থাকছে। এসব অঞ্চলের বাসিন্দাদের করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকির বিষয়ে সচেতন করে একটি এসএমএস দেওয়া হচ্ছে।
অন্যদিকে যাঁরা এই এলাকাগুলোয় ঢুকবেন, তাঁদের এসএমএসের মাধ্যমে ওই নির্দিষ্ট এলাকার উচ্চ ঝুঁকি সম্পর্কে জানানো এবং করোনা–সম্পর্কিত সাধারণ স্বাস্থ্য পরামর্শগুলো অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় ঢুকেছেন এমন ব্যক্তিকে ২৪ ঘণ্টায় একবার অ্যালার্টটি পাঠানো হচ্ছে। ওই ব্যক্তি অন্য কোনো ঝুঁকিপূর্ণ এলাকায় ঢুকলে আরও একটি নতুন সতর্কবার্তা পাবেন।
ডিজিটাল শিক্ষার প্রসারে রবি-টেন মিনিট স্কুল
করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ অবস্থায় ডিজিটাল মাধ্যমে শিক্ষার্থীদের কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে দেশের অন্যতম বৃহত্তম অনলাইন স্কুল রবি-টেন মিনিট স্কুল। গত মার্চে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর থেকে রবি-টেন মিনিট স্কুল বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ‘লাইভ ক্লাস’ পরিচালনা করছে। প্রতিদিন রবি-টেন মিনিট স্কুল ফেসবুক পেজ এবং টেন মিনিট স্কুল লাইভে ক্লাস নেওয়া হচ্ছে। প্ল্যাটফর্মটির সঙ্গে বর্তমানে ১৩ লাখের বেশি শিক্ষার্থী যুক্ত আছে।
লাইভ ক্লাস প্ল্যাটফর্মটির মোবাইল অ্যাপ্লিকেশনেও ইতিবাচক প্রভাব ফেলেছে। ইতিমধ্যেই রবি-টেন মিনিট স্কুল মোবাইল অ্যাপ ১০ লাখ বারের বেশি ডাউনলোড করা হয়েছে। শুধু তা–ই নয়, সংসদ টিভিতে বিষয়ভিত্তিক ডিজিটাল শিক্ষা কনটেন্ট তৈরি এবং লাইভ ক্লাস প্রচারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে সহযোগিতা করে যাচ্ছে রবি-টেন মিনিট স্কুল।
‘আইডিয়া ফর গুডনেস’ প্ল্যাটফর্ম
জাতীয় যেকোনো দুর্যোগ অথবা সংকটময় পরিস্থিতিতে এ দেশের তরুণেরা সব সময় এগিয়ে এসেছেন। বাংলাদেশে গত এক দশকে যে ডিজিটাল বিপ্লব হয়েছে, সেখানে তরুণ জনগোষ্ঠীর অবদান সবচেয়ে বেশি। চলমান করোনা মহামারি মোকাবিলায় তরুণদের উদ্ভাবন ক্ষমতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে ‘আইডিয়া ফর গুডনেস’নামে একটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে রবি এবং আইসিটি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম। মহামারি করোনা মোকাবিলায় দেশের মানুষকে কার্যকরভাবে সহায়তা করতে পারে, এমন সব ধারণা নিয়েই এই প্ল্যাটফর্ম কাজ করে যাচ্ছে। উদ্ভাবনী ধারণা প্রদানকারীদের মধ্যে বিজয়ীরা এটুআই ও রবির সঙ্গে কাজ করে তা বাস্তবায়নের সুযোগ পাবেন, যাতে দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ হয়।
প্রযুক্তিগত উন্নয়ন ও ডিজিটাল সেবার মাধ্যমে বাংলদেশের জনসাধারণের জীবনমান সহজ এবং উন্নত করার লক্ষ্য নিয়েই রবি কাজ করে যাচ্ছে। কোভিড-১৯ মোকাবিলায় প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে জনসাধারণ এবং সরকারকে সহযোগিতা করার এ প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করে গেলেই করোনা মহামারি মোকাবিলা সম্ভব।