কিসের পেছনে ছুটছেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের এক নম্বর ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান প্রায়ই আলোচনায় উঠে আসেন। সম্প্রতি তেমনই ভাইরাল হয়েছে তাঁর পেজ থেকে আপলোড করা ছোট্ট একটি ভিডিও ক্লিপ।

কয়েক সেকেন্ডের এ ভিডিও ক্লিপে দেখা যায়, গহীন জঙ্গলে কিছু একটা ধরার জন্য ছুটছেন সাকিব। কিসের জন্য এবং কী পাওয়ার জন্য সাকিবের এ প্রাণপণ দৌড়, তা–ই নিয়েই আলোচনা এখন তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভিডিওটি শেয়ার করছেন এবং ক্যাপশনগুলোও বেশ মজার, ‘আবার কী হলো?’, ‘কই যাচ্ছে সাকিব?’, ‘টাইগার কি বাঘরে ধাওয়া করতেছে নাকি?’, ‘আর কত দৌড়াইবেন বস?’ ইত্যাদি।

ভিডিওর মন্তব্যের ঘরেও থাকছে ভক্তদের নানা রকম জিজ্ঞাসা ও অনুমাননির্ভর নানান মন্তব্য। কিন্তু আসলেই কী হচ্ছে? আর এই ভিডিওর রহস্যই বা কী! এ ব্যাপারে জানার জন্য সাকিব আল হাসানকে ফোন করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। সম্ভবত বিপিএল নিয়ে ব্যস্ততায় তিনি মুঠোফোন থেকে দূরে আছেন।

মাঠের বাইরে সব সময়ই সাকিবকে দেখা যায় বেশ ফুরফুরে মেজাজে। তবে এবার কী এমন হলো অনেকেই বুঝে উঠতে পারছেন না। ক্রিকেট খেলার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ত আছেন এই অলরাউন্ডার। তবে কি এটি তাঁর নতুন কোনো ব্র্যান্ডের প্রচারণা? জানার অপেক্ষায় সবাই।