কৃষি পুরস্কার পেলেন এসিআই চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম আনিস উদ দৌলা

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৪ পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এসিআইয়ের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। কৃষি মন্ত্রণালয় তাঁকে এ পুরস্কার দিয়েছে। গত রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার জাতীয় কৃষি পুরস্কার হিসেবে ৫ জন স্বর্ণ, ৯ জন রৌপ্য ও ১৮ জন ব্রোঞ্জ পদক পেয়েছেন। কৃষি গবেষণা সম্প্রসারণ, সমবায় ব্যবস্থায় উদ্বুদ্ধকরণ, কৃষিতে প্রযুক্তি উদ্ভাবন, নারীর অবদান, বাণিজ্যিক খামার, বনায়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং মাছ চাষে বিশেষ অবদানের জন্য ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষি পুরস্কারে ভূষিত করা হয়।

সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার চেষ্টার অংশ হিসেবে কৃষি সম্প্রসারণে অবদানের মাধ্যমে কৃষির উন্নয়নে দৃষ্টান্তমূলক অবদানের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসিআইয়ের কৃষি খাতে বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, খামার যান্ত্রিকীকরণ ও কৃষি অবকাঠামো সহায়তাসহ কৃষির নানা ধরনের ব্যবসার সঙ্গে জড়িত এ শিল্প গ্রুপ।