‘ক্যাশ ফ্লো ফোরকাস্টিং টুল’ চালু করেছে এইচএসবিসি বাংলাদেশ
গ্রাহকদের জন্য ‘ক্যাশ ফ্লো ফোরকাস্টিং টুল’ চালু করেছে এইচএসবিসি বাংলাদেশ। এর মাধ্যমে এইচএসবিসির গ্রাহকেরা ভবিষ্যৎ আর্থিক তারল্য পরিস্থিতির বিষয়ে দ্রুত ও সঠিক পূর্বাভাস পাবেন।
গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এইচএসবিসি ক্যাশ ফ্লো ফোরকাস্টিং টুলটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম এইচএসবিসিনেটের মাধ্যমে ব্যবহার করা যায়, যা গ্রাহকদের ক্যাশ ম্যানেজমেন্ট পূর্বাভাসবিষয়ক সব ধরনের সেবা দেবে।
স্বয়ংক্রিয় এ ব্যবস্থার মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ব্যবহার ও গ্রাহকের নিজস্ব অপারেটিং সিস্টেমের সঙ্গে সমন্বয় করা যাবে। এর মাধ্যমে অপরিশোধিত বিলের তথ্য ও ভবিষ্যতের যেকোনো আর্থিক কাজের বিবরণ স্বয়ংক্রিয়ভাবে যোগ করা সম্ভব। গতানুগতিক পদ্ধতিতে পূর্বাভাস তৈরিতে যে জটিলতা ও সময় লাগে, সেটি অনেক কমে আসবে নতুন এ পদ্ধতিতে। এটি ব্যবসার লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
এইচএসবিসির ক্যাশ ফ্লো ফোরকাস্টিং টুল পরবর্তী তিন বছরের পূর্বাভাস তৈরি করতে সক্ষম। এ পূর্বাভাস বিশদভাবে বিশ্লেষণ করে গ্রাহক তাঁর পূর্বাভাস ও প্রকৃত তারল্য পরিস্থিতির পার্থক্য বুঝতে পারবেন। উদ্বৃত্ত বা ঘাটতি শনাক্তকরণের মাধ্যমে দক্ষতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।
এইচএসবিসি বাংলাদেশের কান্ট্রি প্রধান (হোলসেল ব্যাংকিং) কেভিন গ্রিন বলেন, ‘একটি পরিবর্তনশীল ও গতিশীল বাজার পরিবেশে ট্রেজারি কর্মকর্তাদের জন্য তারল্য পরিস্থিতির সঠিক এবং সময়মতো পূর্বাভাস পাওয়াটা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পূর্বাভাস যেন কেবল স্বল্প মেয়াদের না হয়ে ভবিষ্যতে দীর্ঘ মেয়াদের জন্য হয়, সেদিকেও খেয়াল রাখতে হয়। আমার বিশ্বাস, ক্যাশ ফ্লো ফোরকাস্টিং টুল ব্যবহার করে ট্রেজারি কর্মকর্তারা সহজেই পূর্বাভাস তৈরি করতে সক্ষম হবেন।’