খাদ্য অধিকার আইন প্রণয়নে জনমত তৈরিতে খানির কর্মসূচি
প্রতিবছরের ন্যায় এবারও ১-১০ ডিসেম্বর খাদ্য অধিকার সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে খাদ্য অধিকার আইন প্রণয়নের বিষয়ে স্থানীয় পর্যায়ে জনমত তৈরির জন্য আলোচনা সভা, শোভাযাত্রা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য–বিষয়ক গণশুনানি, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) বাংলাদেশ।
খানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে খাদ্যের অধিকার নিয়ে স্থানীয় পর্যায়ে জনমত তৈরি হচ্ছে। পাশাপাশি চলমান দুর্যোগে সাধারণ মানুষের খাদ্য ও পুষ্টির অধিকার এবং জীবিকার দুর্ভোগগুলো জনপরিসরে তুলে ধরার মাধ্যমে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি জানানো হচ্ছে।
খানি বলছে, খাদ্য অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশে কোনো আইন কাঠামো না থাকায় ক্ষুধা ও দারিদ্র্যপীড়িত মানুষ কোথায়ও আবেদন-নিবেদন করতে পারে না। দাবি করারও কোনো সুযোগ নেই। বাস্তবে খাদ্য অধিকার অবহেলিত হলেও অনেক আগেই আন্তর্জাতিক মানবাধিকার আইন খাদ্য অধিকারকে স্বীকৃতি দিয়েছে। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ২৫–এর (১) অনুচ্ছেদে, খাদ্য অধিকারের বিষয়ে স্পষ্ট করে বলা আছে। তবে এ অধিকার শুধু ক্ষেত্রবিশেষে জরুরি অবস্থায় খাদ্যের সরবরাহ জোগান নয়, বরং আইনি কাঠামো ও ফলপ্রসূ কৌশলের মাধ্যমে সবার জীবন ও জীবিকার নিশ্চয়তা প্রদান এবং সব সময় খাদ্য ও পুষ্টি সরবরাহের অধিকার নিশ্চিত করাকে বোঝায়। যেহেতু খাদ্যের অধিকার একটি মানবাধিকার, তাই নাগরিকের খাদ্য অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। এই দায়িত্ব তখনই পালন করা সম্ভব হবে, যখন একটি ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সেটি করতে হলে খাদ্য অধিকার আইন প্রণয়নের কোনো বিকল্প নেই।
ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশিত বিশ্ব খাদ্যনিরাপত্তা সূচক ২০২১ প্রতিবেদন অনুযায়ী, ১১৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪। খাদ্যের ক্রয়ক্ষমতা, প্রাপ্যতা, মান ও নিরাপত্তা এবং প্রাকৃতিক সম্পদের ওপর ভিত্তি করে এ সূচকে অবস্থান নির্ধারণ করা হয়। গত ১০ বছরে অপুষ্টিজনিত সমস্যায় ভোগা মানুষের সংখ্যা বেড়েছে ৭ লাখ। এ তালিকার অধিকাংশই শিশু ও নারী। বাংলাদেশে প্রায় আড়াই কোটি মানুষ চরম দায়িত্বহীনতা ও অপুষ্টিতে ভুগছে। তারা খাদ্যনিরাপত্তাহীনতায় মানবেতর জীবন যাপন করছে।
খানি জানায়, খাদ্য অধিকার সপ্তাহে তাদের কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কৃষক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।