করোনাভাইরাসের কারণে আয়োজিত হচ্ছে না রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানা’র গ্র্যান্ড ফিনালে। ফিনালের সেরা ৫-এর সবাইকে বিজয়ী ঘোষণা করা হলো। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বাংলার বাউল গানের এ আয়োজন হয় মাছরাঙা টেলিভিশনে।
গত ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করেন সারা দেশের ৪২ হাজারেরও বেশি প্রতিযোগী। সেখান থেকে সারা দেশে দীর্ঘ অডিশন ও সিলেকশনের মাধ্যমে মূল রাউন্ডে এসেছেন সেরা ২৬ জন। তাদের গান শুনে বিচারকার্য করেছেন চন্দনা মজুমদার, শফি মন্ডল এবং ড. নাশিদ কামাল। বিচারকদের বিচারে একে একে পাওয়া যায় সেরা পাঁচ প্রতিযোগীকে। তারা হলেন লালমনিরহাটের সিরাজাম মুনিরা পাখি, কুষ্টিয়ার ইতি ইব্রাহিম, রাজবাড়ীর সোহেল ভেড়ো, টাঙ্গাইলের পলাশ চন্দ্র শীল এবং চট্টগ্রামের নয়ন শীল।
চ্যাম্পিয়ন বাছাইয়ের শুরুতে বিশ্বে শুরু হয় কোভিড-১৯ এর প্রকোপ। থেমে যায় জনজীবন। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের বিচক্ষণ বিবেচনায় আড়ম্বরপূর্ণ গ্র্যান্ড ফিনালে আয়োজন করা হয়নি। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) মাছরাঙা টেলিভিশনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাজিক বাউলিয়ানা-২০১৯ এর বিজয়ী হিসেবে ঘোষণা করা হলো একজনকে নয়, সেরা পাঁচের সবাইকে। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় আড়াই লাখ টাকার প্রাইজমানি এবং পাঁচজনের আলাদা আলাদা মিউজিক ভিডিও নির্মাণ করে টিভি ও ইউটিউবে সম্প্রচার করার ঘোষণা দেওয়া হয়। তাদের সঙ্গে মিউজিক ভিডিওতে গান গাইবেন জনপ্রিয় তারকারা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ মার্কেটিং জেসমিন জামান, সান কমিউনিকেশনের ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন, মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু, এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তৌফিক মাহমুদ, মাছরাঙা টেলিভিশনের প্রোগ্রাম ইনচার্জ এএম আরিফুর রহমানসহ প্রমুখ।
ম্যাজিক বাউলিয়ানা সম্পর্কে আরও জানতে ভিজিট করুন ম্যাজিক বাউলিয়ানা-এর ওয়েবসাইট (www.magicbauliana.com.bd), ফেসবুক পেজ (www.facebook.com/magic.bauliana) অথবা ফোন করুন টোল ফ্রি নম্বর ০৮০০০৮৮৮০০০। বিজ্ঞপ্তি